চট্টগ্রাম ইপিজেডে ৪০ লাখ ডলার বিনিয়োগ করবে চীনা কোম্পানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্প্রতি বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) সঙ্গে চুক্তি করেছে সান-এ ওরাল কেয়ার কোম্পানি।
ছবি: সংগৃহীত

চীনভিত্তিক ওরাল অ্যান্ড ডেন্টাল কেয়ার বা মুখ ও দাঁত পরিচর্যার পণ্য উৎপাদনকারী কোম্পানি চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (সিইপিজেড) একটি কারখানা স্থাপন করবে। মেসার্স সান-এ ওরাল কেয়ার কোম্পানি লিমিটেড নামের নতুন এই কারখানায় বিনিয়োগ হবে ৪০ লাখ মার্কিন ডলার।

সম্প্রতি বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) সঙ্গে এ বিষয়ে চুক্তি করেছে সান-এ ওরাল কেয়ার কোম্পানি। ঢাকায় বেপজার নির্বাহী দপ্তরে আয়োজিত ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মে চুক্তিটি সই হয়। বেপজার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ইপিজেডে অনুকূল বিনিয়োগবান্ধব পরিবেশ থাকায় মহামারির মধ্যেও বেপজা দেশি-বিদেশি বিনিয়োগকারীদের কাছ থেকে বিনিয়োগ প্রস্তাব গ্রহণ করছে। সান-এ ওরাল কেয়ার কোম্পানিতে ৯৪ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থান হবে। কোম্পানিটি বছরে তিন কোটি পিছ আধুনিক ডেন্টাল কেয়ার বা দাঁতের পরিচর্যায় ব্যবহার্য পণ্য উৎপাদন করবে।

বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. মাহমুদুল হোসাইন খান এবং সান-এ ওরাল কেয়ার কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মাউ জিয়ানঝেং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব উজ জামান, বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল এস এম সালাহউদ্দিন ইসলাম, বেপজার সদস্য মোহাম্মদ ফারুক আলম ও নাফিসা বানু, সচিব মো. জাকির হোসেন চৌধুরী, জনসংযোগ মহাব্যবস্থাপক নাজমা বিন্তে আলমগীর, বিনিয়োগ উন্নয়ন মহাব্যবস্থাপক মো. তানভীর হোসেন, বেইজিংয়ে বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর মোহাম্মদ মনসুর উদ্দিন এবং সান-এ ওরাল কেয়ারের পরিচালক উ ইউ ওজুলি উপস্থিত ছিলেন।

বেপজা জানায়, সম্প্রতি জার্মানির ব্রাইডাল পোশাকসামগ্রী প্রস্তুতকারী একটি প্রতিষ্ঠান চুক্তি সই করে। এটিই ভার্চ্যুয়াল মাধ্যমে কোনো বিনিয়োগকারী প্রতিষ্ঠানের সঙ্গে বেপজার প্রথম লিজ চুক্তি। জার্মানির কোম্পানিটি ১ কোটি ২০ লাখ ডলার বিনিয়োগ করবে।
অনুষ্ঠানে রাষ্ট্রদূত মাহবুব উজ জামান চীনা প্রতিষ্ঠান সান-এ ওরাল কেয়ার কোম্পানিকে বাংলাদেশে বিনিয়োগের জন্য অভিনন্দন জানান এবং এখানকার ইপিজেডে তাদের ব্যবসায় সম্প্রসারণে সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

বেপজার নির্বাহী চেয়ারম্যান এস এম সালাহউদ্দিন ইসলাম বলেন, ‘পণ্য বৈচিত্র্যময়করণ ও রপ্তানি বৃদ্ধির লক্ষ্য সামনে রেখে বেপজা কাজ করে যাচ্ছে। বিশ্বব্যাপী করোনা সংকটকালে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে অধিক বিনিয়োগ আকর্ষণে আমরা প্রচেষ্টা অব্যাহত রাখতে চাই।’