ডিএনসিসির হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্সের ফি দেওয়া যাবে ‘নগদ’-এ
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নগরবাসী এখন থেকে খুব সহজেই তাঁদের হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্সের ফি পরিশোধ করতে পারবেন দেশের অন্যতম মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এ। এ জন্য গতকাল রোববার নগর ভবনের কনফারেন্স হলে ‘নগদ’ এবং ডিএনসিসির মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন ডিএনসিসির মেয়র মো. আতিকুল ইসলাম।
এই চুক্তির ফলে নগরবাসী ১ এপ্রিল থেকে ডিএনসিসি হোল্ডিং ট্যাক্স, নতুন লাইসেন্স এবং লাইসেন্স নবায়ন ফি পরিশোধ করতে পারবেন ডাক বিভাগের ‘নগদ’-এ। এ ছাড়া আগামী ১ এপ্রিল থেকে ডিএনসিসির নতুন সিদ্ধান্ত অনুযায়ী সরাসরি অর্থ প্রদানের মাধ্যমে হোল্ডিং ট্যাক্স অথবা গৃহকর পরিশোধ করা যাবে না। সে ক্ষেত্রে নগরবাসী হোল্ডিং ট্যাক্সের ফি কেবল অনলাইন পেমেন্টের মাধ্যমে পরিশোধ করতে পারবেন।
সুবিধাটি পেতে ডিএনসিসির ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট ফরম পূরণ করে ‘নগদ’ অ্যাপসের বিল পে-অপশন অথবা ইউএসএসডি (*167#)–এর মাধ্যমে সহজেই এই ফি পরিশোধ করতে পারবেন তাঁরা।
চুক্তিপত্রে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন ‘নগদ’-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রাহেল আহমেদ ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ আবদুল হামিদ মিয়া। অনুষ্ঠানে নগদের পক্ষে উপস্থিত ছিলেন বিজনেস সেলসের প্রধান মো. সাইদুর রহমান দিপু, কি স্টেকহোল্ডার ম্যানেজমেন্টের প্রধান স্কোয়াড্রন লিডার আসমা আলমগীর (অব.)। বিজ্ঞপ্তি