তিন মাস বাড়ল নগদের অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোবাইলে আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান ‘নগদ’
প্রথম আলো

ডাক বিভাগের মুঠোফোনে আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদের অন্তর্বর্তীকালীন অনুমোদনের মেয়াদ আরও তিন মাস বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক থেকে ডাক বিভাগকে দেওয়া এক চিঠিতে এ কথা জানানো হয়। এর ফলে এই অনুমোদনের মেয়াদ আগামী ৩০ সেপ্টেম্বরে পর্যন্ত বাড়ল। এই সময়সীমার মধ্যে নগদকে বাংলাদেশ ব্যাংক থেকে চূড়ান্ত অনুমোদন নিতে হবে।

এ বিষয়ে ‘নগদ’-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বলেন, করোনার কারণে দাপ্তরিক অনেক কাজে বিঘ্ন ঘটায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাংলাদেশ ব্যাংকের চাহিদা অনুসারে সব দাপ্তরিক কাজ শেষ করতে পারেনি। এরপরও জনগণের সেবা যেন ব্যাহত না হয়, সে কারণে আরও তিন মাস অন্তর্বর্তীকালীন অনুমোদনের মেয়াদ বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।

ডাক বিভাগের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে নগদকে পরিচালনার জন্য সরকারের দিক থেকে প্রক্রিয়াগত কার্যক্রম চললেও এ ক্ষেত্রে আইন সংশোধনসহ প্রধানমন্ত্রীর অনুমোদনের মতো দীর্ঘমেয়াদি বিষয় জড়িত। সে কারণে ‘নগদ’-এর সেবা পরিচালনাসংক্রান্ত কেন্দ্রীয় ব্যাংকের অনাপত্তির মেয়াদ ছয় মাস বৃদ্ধি করতে আবেদন করেছিল ডাক অধিদপ্তর।

এর আগে চলতি মাসের শুরুর দিকে বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের প্রতিনিধিদের উপস্থিতিতে এ–সংক্রান্ত একটি বৈঠক করে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। ডাকসচিব মো. আফজাল হোসেনের সভাপতিত্বের ওই বৈঠকেই সময় বৃদ্ধির জন্য আবেদন করার সিদ্ধান্ত হয়। সহযোগী প্রতিষ্ঠান গঠনের জন্য এরই মধ্যে মেমরেন্ডাম অব অ্যাসোসিয়েশন (এওএ), আর্টিকেল অব অ্যাসোসিয়েশন (এওএ) এবং ভেন্ডর অ্যাগ্রিমেন্টের খসড়া তৈরি হলেও সেটি সরকারের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

এর আগে বাংলাদেশ ব্যাংক ‘নগদ’ পরিচালনার জন্য যে অন্তর্বর্তীকালীন অনুমোদন দেয়, তার মেয়াদ কাল বুধবার (৩০ জুন) শেষ হবে। সে ক্ষেত্রে নগদ-এর পরিচালনসংক্রান্ত কার্যক্রম স্বাভাবিক রাখা এবং পাঁচ কোটি গ্রাহকের সেবা অব্যাহত রাখার জন্যই বৈঠক থেকে সব সদস্যের মতামতের ভিত্তিতে বর্ধিত সময়ের জন্য আবেদন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

২০১৯ সালের ২৬ মার্চ নগদের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক বিজ্ঞপ্তিতে নগদ জানায়, বর্তমানে তারা দৈনিক ৭০০ কোটি টাকার বেশি লেনদেন করছে।