দেশীয় ই-কমার্স উৎসব ‘১০-১০’ শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলো অনলাইনের সহযোগিতায় গতকাল রোববার (১০ অক্টোবর) দেশের সবচেয়ে বড় অনলাইন শপিং উৎসব ‘১০-১০’ শুরু হয়েছে। প্রতিবছরের মতো এবারও প্রতিষ্ঠিত দেশীয় ২০টি ই-কমার্স, লজিস্টিক ও পেমেন্ট প্রতিষ্ঠান অংশ নিচ্ছে ২০ দিনব্যাপী এই উৎসবে।
ই-কমার্স নিয়ে সাম্প্রতিক ঘটনাবলির পরিপ্রেক্ষিতে এ বছরের ‘১০-১০’ আয়োজন গ্রাহক সচেতনতার দিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। এবারের ‘১০-১০’-এর স্লোগান, ‘জেনে, শুনে, বুঝে—শপিং করুন অনলাইনে’।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় যে এ উৎসবে সেসব ই-কমার্স প্রতিষ্ঠানকেই অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছে, যারা সুনামের সঙ্গে বেশ কয়েক বছর সেবা দিয়ে যাচ্ছে। চালডাল, রকমারি, আজকের ডিল, পিকাবু, পাঠাও ফুডস, সেবা, একশপ, আদি, বাংলা শপার, ডায়বেটিস স্টোর, বেবী কেয়ার, আই ফেরি, প্রথমা, স্টারটেকসহ ২০টি ই-কমার্স সাইট ও লজিস্টিক কোম্পানি অংশ নিচ্ছে এ উৎসবে।