নভোএয়ারের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন
দেশের অন্যতম বেসরকারি এয়ারলাইন নভোএয়ারের নবম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে কোম্পানির নবম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়।
নভোএয়ার ২০১৩ সালের ৯ জানুয়ারি অভ্যন্তরীণ রুটে ঢাকা থেকে চট্টগ্রামে ফ্লাইট পরিচালনার মাধ্যমে যাত্রী পরিবহন শুরু করে।
নবম বর্ষপূর্তি উপলক্ষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, ব্যবসায়িক সহযোগী ও যাত্রীদের শুভেচ্ছা জানিয়ে নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান বলেন, ‘নভোএয়ার সব সময় যাত্রী নিরাপত্তা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিরাপদ ভ্রমণ নিশ্চিত করার চেষ্টা করে। এর মধ্য দিয়ে তারা যাত্রীদের বিশ্বস্ততা অর্জন করেছে। সময়ানুসারে বিমান পরিচালনা ও যাত্রীসেবার ক্রমোন্নয়নের ধারায় আমরা প্রতিনিয়ত আধুনিক প্রযুক্তি সংযোজন করে আসছি।’
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নভোএয়ার নবম বর্ষ উদ্যাপন উপলক্ষে যাত্রীদের আরও উন্নত সেবা দিতে মোবাইল বোর্ডিং পাস চালু করেছে। অতীতের মতো এই ক্ষেত্রেও নভোএয়ার বাংলাদেশে প্রথম ও অগ্রণী ভূমিকা পালন করছে। নভোএয়ারের বহরে বর্তমানে ৭টি এটিআর ৭২-৫০০ মডেলের উড়োজাহাজ আছে। যাত্রী চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুট বৃদ্ধি ও বহরে আরও উড়োজাহাজ সংযোজনের মাধ্যমে উন্নত যাত্রীসেবা নিশ্চিত করাই এখন নভোএয়ারের লক্ষ্য।