পদোন্নতি পেয়ে ঢাকা ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হলেন আবু জাফর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোহাম্মদ আবু জাফর ঢাকা ব্যাংকের এএমডি হিসেবে পদোন্নতি পেয়েছেন
ছবি: বিজ্ঞপ্তি

মোহাম্মদ আবু জাফর সম্প্রতি ঢাকা ব্যাংক লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে পদোন্নতি পেয়েছেন। মোহাম্মদ আবু জাফর ২০১৫ সালের ৫ আগস্ট ঢাকা ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক (ইন্টারন্যাশনাল ব্যাংকিং) হিসেবে যোগ দেন। তিনি ব্যাংকের রেডিমেড গার্মেন্টস (আরএমজি) অর্থায়ন, অফশোর ব্যাংকিং, ট্রেজারি বিজনেস, বৈদেশিক বাণিজ্যে অর্থায়নসহ ব্যাংকের সামগ্রিক পরিচালনা ও নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। ব্যাংকের টেকসই উন্নয়নে কৃতিত্বপূর্ণ অবদানের কারণে ঢাকা ব্যাংক পরিচালনা পর্ষদ আবু জাফরকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতি দেয়।

৩০ বছরের বর্ণাঢ্য ব্যাংকিং কর্মজীবনে আবু জাফর ন্যাশনাল ব্যাংক লিমিটেডে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং শাখা ব্যবস্থাপক হিসেবে দিলকুশা শাখায় (প্রিন্সিপাল শাখা) কর্মরত ছিলেন। ১৯৯০ সালে উত্তরা ব্যাংকে শিক্ষানবিশ কর্মকর্তা হিসেবে ব্যাংকিং পেশায় তাঁর কর্মজীবন শুরু করেন। পরবর্তী সময়ে তিনি ২০০৬ সালে ন্যাশনাল ব্যাংকে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে যোগ দেন।

১৯৬৪ সালে আবু জাফর চট্টগ্রামে সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে বিএসএস (অনার্স) এবং এমএসএস করেন। তিনি ডিপ্লোমেড অ্যাসোসিয়েট অব দ্য ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশ (ডিএআইবিবি) থেকে ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেন। এ ছাড়া তিনি দেশ–বিদেশে বিভিন্ন ব্যাংকিং প্রোগ্রাম, ট্রেনিং, সেমিনার ও কর্মশালায় অংশ নেন। বিজ্ঞপ্তি