পরিবেশকদের নিয়ে আঞ্চলিক সম্মেলন করল মিনিস্টার গ্রুপ
মিনিস্টার গ্রুপের ইলেকট্রনিক পরিবেশকদের নিয়ে আঞ্চলিক সম্মেলন শেষ হয়েছে। সম্প্রতি সিলেট বিভাগের পরিবেশকদের অংশগ্রহণের মাধ্যমে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের গ্র্যান্ড সুলতান হোটেলে ‘ডিলার সামিট-২০২১ ’-এর সমাপ্তি ঘোষণা করা হয়।
সমাপনী অনুষ্ঠানে মিনিস্টার গ্রুপের চেয়ারম্যান এম এ রাজ্জাক খান উপস্থিত ছিলেন। এ সময় তিনি বলেন, ‘দেশব্যাপী আমাদের ব্যবসায়িক বন্ধুদের নিয়ে “ডিলার সামিট-২০২১” করতে পেরে খুবই আনন্দিত। এই আঞ্চলিক সম্মেলনের মাধ্যমে আমরা ব্যবসায়িক কৌশল প্রণয়ন করতে পেরেছি। এর মাধ্যমে আমাদের ব্যবসায়িক বন্ধুরা নতুনভাবে ব্যবসা ঢেলে সাজাতে পারবেন।’
করোনা মহামারি-পরবর্তী সময়ে ব্যবসায়ীদের ক্ষতি পুষিয়ে নেওয়া এবং আগামী বছরের গতিশীল ব্যবসায়িক পরিকল্পনা তৈরিতে করণীয় বিষয় নিয়ে মতবিনিময় করেন কোম্পানির কর্মকর্তারা। এ ছাড়া আগামী বছর ব্যবসা কীভাবে আরও সম্প্রসারিত করা যায়, সে বিষয়ে পরিকল্পনা করা হয়। এই পরিকল্পনা বাস্তবায়নে বিভিন্ন কৌশল তুলে ধরা হয়।
অনুষ্ঠানে মিনিস্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক দিলরুবা তনু ভবিষ্যৎ ব্যবসায়িক কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন। এ সময় আরও ছিলেন মিনিস্টার গ্রুপের পরিচালক বিল্লাল হোসেন, ব্র্যান্ড ও যোগাযোগ প্রধান কে এম জি কিবরিয়া, চেয়ারম্যানের সচিব এ কে এম সায়েম হোসেন, মহাব্যবস্থাপক রিয়াজ মাহমুদ, জাহিদ হোসেন প্রমুখ।