পুরোনো এসি কিনতে চাইলে
এসি বা শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র এখন আর বিলাসিতার বিষয় নয়। প্রচণ্ড গরমে গৃহস্থালির প্রয়োজনীয় পণ্য এটি। কিন্তু সাধ থাকলেও সামর্থ্য বিবেচনায় এসি ব্যবহার করা হয় না অনেকের। কিংবা বাড়ির একাধিক ঘরে এসি প্রয়োজন, সাংসারিক বাজেট উতরে কিনতে পারছেন না এসি। তাঁরা চাইলে কিনে নিতে পারেন পুরোনো এসি। একটু দেখেশুনে যাচাই করে কিনলে পুরোনো এসিতেই স্বস্তি জোগাবে দীর্ঘ সময় ধরে।
রাজধানীর ইস্কাটনে বসবাসরত সরকারি কর্মজীবী রফিকুল ইসলাম নিজ বাসার জন্য কিনেছেন পুরোনো এসি। তিনি বলেন, ‘আমার ছেলেটাকে আলাদা রুমে যখন থাকতে দিই, তখন এসির প্রয়োজনীয়তা দেখা দেয়। মা-বাবা এসি রুমে থাকব আর ছেলে ফ্যানের বাতাসে ঘুমাবে, এটা কেমন যেন লাগে। তা ছাড়া এসিতে ঘুমিয়ে ছেলের অভ্যাস হয়ে গেছে। কিন্তু সেই মুহূর্তে আমাদের কাছে নতুন এসি কেনার টাকা ছিল না।
আমাদের এক আত্মীয় দেশের বাইরে চলে যাবেন, তাই তাঁর কাছ থেকে এসিটি কিনে রাখি। নামমাত্র মূল্যে কিনলেও, এটি বেশ ভালো সার্ভিস দিচ্ছে। আসলে মধ্যবিত্তদের তো এভাবেই মানিয়ে চলতে হয়।’
আত্মীয়-পরিজন, পরিচিতজন ছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক অনেক গ্রুপ এখন পুরোনো ইলেকট্রিক পণ্যও বিক্রি করছে। তেমনই একটি গ্রুপ থেকে এসি কেনেন শারমীনা ইসলাম। তিনি বলেন, ‘আমার মা-বাবা বৃদ্ধ। যেহেতু আমি একটা মোটামুটি বেতনের চাকরি করি, তাই নতুন এসি বাজেটে কুলাবে না। তাই ফেসবুকের একটা গ্রুপ থেকে পুরোনো এসিটি কিনি। বিক্রেতা এক বছর ব্যবহার করেছেন। ওই গ্রুপে আসবাব থেকে শুরু করে ইলেকট্রিক পণ্য এবং ঘরের প্রয়োজনীয় নানা পণ্য পাওয়া যায়।’
সামাজিক যোগাযোগমাধ্যমের গ্রুপ কিংবা পরিচিতজন ছাড়াও মহল্লার ইলেকট্রিক দোকান থেকেও একটু খোঁজখবর করে কিনতে পারবেন পুরোনো এসি। এ ছাড়া বিভিন্ন সময় দেশব্যাপী ‘এসি এক্সচেঞ্জ অফার’ দেয় অনেক ইলেকট্রনিক প্রতিষ্ঠান। এর আওতায় যেকোনো ব্র্যান্ডের ব্যবহৃত এসি বদলে নতুন এসি নেওয়ার সুযোগ থাকে। একটু খোঁজখবর রাখলে এসব অফার থেকে মানসম্মত এসি পেয়ে যেতে পারেন। এর পাশাপাশি রাজধানীসহ জেলা শহরের সব ইলেকট্রনিকের দোকানেও মিলতে পারে সাধ্যের মধ্যে পুরোনো এসি।
রাজধানীতে পুরোনো এসির জন্য বিখ্যাত গুলশান-১-এর গুলশান শপিং সেন্টার। এখানকার নিচতলায় পুরোনো এসির বেশ কয়েকটি দোকান রয়েছে। এর মধ্যে ‘আর কে ইন্টারন্যাশনাল’ থেকে জানা গেল, তারা এক টন কেরিয়ার এসি বিক্রি করছেন ১৫ হাজার টাকায়, যা মাত্র তিন মাস ব্যবহার করা হয়েছে। জেনারেল এক টনের এসি ২০ হাজার টাকা, যা সর্বোচ্চ পাঁচ মাস ব্যবহার করা হয়েছে। এ ছাড়া গ্রি এসি এক টন ১৫ হাজার টাকা ও দুই টন ২০ হাজার টাকা এবং কেরিয়ার দুই টন এসি ২০ হাজার টাকায় পাওয়া যায়। জেনারেল সিলিং এসি পাওয়া যাচ্ছে তিন টন ৫০ হাজার আর পাঁচ টন ৭০ হাজার টাকায়।
ওই দোকানের বিক্রেতা আবুল কাশেম জানান, ‘এই এসিগুলো বেশির ভাগই খুব স্বল্প সময়ের জন্য ব্যবহার করা হয়েছে। বিদেশি যাঁরা বিভিন্ন কাজে বাংলাদেশে আসেন, তাঁরা চলে যাওয়ার পর এই এসিগুলো আমাদের কাছে বিক্রি করা হয়। পরে এগুলো আমরা মেরামত করে বিক্রি করি। তাই অল্প দামেই এখান থেকে ভালো মানের এসি কিনতে পারবেন ক্রেতারা।’