বাংলাদেশের বাজারে এসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র বা এসি কেনার কথা ভাবছেন? প্রথমেই কোন কাঠামো বা ডিজাইন তো বটেই, সঙ্গে ভাবতে হবে কেমন হবে সেই এসির প্রযুক্তি। রাখতে হবে বাজেট ভাবনাও। সাধ্যের মধ্যে দেশি এসি না বিদেশি এসি? ভাবনার সমাধান দিতে একটু খোঁজখবর নিলেই মিলিয়ে কিনতে পারবেন আপনার পছন্দের এসিটি।

কাঠামোগত বিবেচনায় নানা ধরনের এসি বাজারে পাওয়া যায়। এর মধ্যে স্প্লিট, ক্যাসেট, উইন্ডো ও পোর্টেবল (স্থানান্তরযোগ্য) এসি অন্যতম। সঙ্গে রয়েছে দেশি-বিদেশি নানা ব্র্যান্ডের এসি। ব্র্যান্ডভেদে রয়েছে দামের পার্থক্য। ভিন্নতা রয়েছে ওয়ারেন্টির ক্ষেত্রেও। চলুন জানা যাক বাংলাদেশের বাজারে থাকা বিভিন্ন ব্র্যান্ডের এসির খোঁজ।

এলজি

বাজারে সবচেয়ে আধুনিক প্রযুক্তির ইনভার্টার এসি নিয়ে এসেছে এলজি। ইনভার্টার এসিগুলো মূলত বিদ্যুৎ সাশ্রয়ী হয়ে থাকে। এলজি ডুয়েল ইনভার্টার প্রযুক্তির এসিগুলো ৭০ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী। এ ছাড়া তাদের এই এসিগুলোর বিশেষ সুবিধা হিসেবে রয়েছে ওয়াইফাই ও মশারোধক ব্যবস্থা। এলজির ইনভার্টার এসিগুলোর কমপ্রেসরের ওয়ারেন্টি ১০ বছর। সঙ্গে রয়েছে এক বছরের পার্টস ও সার্ভিস ওয়ারেন্টি। ক্রেতাদের সুবিধার্থে কিস্তিতে কেনার সুবিধাও দিচ্ছে এলজি।

সিঙ্গার

ইনভার্টার প্রযুক্তির এসি রয়েছে সিঙ্গারের শোরুমগুলোতেও। সিঙ্গারের ইনভার্টার এসিগুলো ৬০ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় করতে সক্ষম। সিঙ্গার এসি কেনার সময় মূল্য পরিশোধের ক্ষেত্রে পাবেন কিস্তির সুবিধা। তিন বছরের কমপ্রেসর ও পার্টস ওয়ারেন্টি দিচ্ছে সিঙ্গার। এ ছাড়া তাদের রয়েছে অল্প ভোল্টেজেও দারুণ কার্যকর একটি এসি।

স্যামসাং

স্যামসাংয়ের ইনভার্টার স্প্লিট এসিতে রয়েছে দশ বছরের ওয়ারেন্টি। ৬৮ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় করবে এই এসিগুলো। বিশেষ মূল্যছাড়ও রয়েছে তাদের শোরুম ও অনলাইন শপে। সর্বোচ্চ দুই টনের ইনভার্টার স্প্লিট এসির মূল্য ৯৯ হাজার ৯৯০ টাকা। মধ্যবর্তী ধাপের ১ দশমিক ৫ টনের দাম পড়বে ৯১ হাজার ৪০০ ও সর্বনিম্ন এক টনের জন্য খরচ পড়বে ৬৩ হাজার ৪০০ টাকা। কিস্তিতে মূল্য পরিশোধের সুবিধাও রয়েছে।

ওয়ালটন

বিদেশি নামীদামি ব্র্যান্ডের সঙ্গে পাল্লা দিয়ে বাজারে জনপ্রিয় দেশীয় ব্র্যান্ড ওয়ালটন। স্বল্পদামের মধ্যেই মানসম্পন্ন এয়ার কন্ডিশনের প্রতিশ্রুতি দেয় তারা। মাত্র ৪১ হাজার টাকাতেই পেয়ে যাবেন এক টনের ওয়ালটন স্প্লিট এসি। সাধারণ স্প্লিট এসি ছাড়াও ওয়ালটন বাজারে এনেছে বিদ্যুৎ সাশ্রয়ী অত্যাধুনিক এসি। ইনভার্টার প্রযুক্তির পাশাপাশি ওয়ালটনের এসিগুলো আপনার স্মার্টফোনের সাহায্যেও নিয়ন্ত্রণ করতেও পারবেন।

ট্রান্সটেক

ট্রান্সকম ডিজিটালে ট্রান্সটেক ব্র্যান্ডের এসিও সমান জনপ্রিয়। ট্রান্সটেক এসির শুরু এক টন থেকে। প্রতিষ্ঠানটির এসি কেনার ক্ষেত্রে ২৭টি ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহারের সুযোগ রয়েছে। এ ছাড়া কেনা যাবে ছয় থেকে ৩৬ মাসের কিস্তিতে। ছয় মাসের কিস্তির ক্ষেত্রে কোনো ইন্টারেস্ট দিতে হবে না। ট্রান্সটেক ছাড়াও ওয়ার্লপুল, প্যানাসনিক, হিটাচি ব্র্যান্ডের এসি পাওয়া যায় ট্রান্সকম ডিজিটালে।

ভিশন

আরএফএল ইলেকট্রনিকসের ব্র্যান্ড ভিশনের কয়েক ধরনের এসি রয়েছে। ভিন্ন ভিন্ন মডেল ও বৈচিত্র্যের এসিগুলোর আয়তন এক থেকে পাঁচ টনের মধ্যে। রয়েছে সাদা, সাদা রঙের ওপর সোনালি, রুপালি ও কালো রঙের নকশা করা এসি।

যেখানে পাবেন

রাজধানীর বঙ্গবন্ধু স্টেডিয়াম মার্কেট, গুলশান, ধানমন্ডি, বসুন্ধরা, বনানী, রামপুরা, কাকরাইল, পুরান ঢাকা, শ্যামলী, মিরপুর, উত্তরাসহ দেশের বিভিন্ন জেলা শহরে বিভিন্ন ব্র্যান্ডের শোরুমে এয়ার কন্ডিশনার পাওয়া যায়। বিজ্ঞাপন বার্তা