বেসরকারি কোম্পানির জন্য বন্ড বাজার সম্ভাবনাময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বেসরকারি খাতের কোম্পানির অর্থ সংস্থানের জন্য বন্ড বাজার অত্যন্ত সম্ভাবনাময় খাত। বন্ডের মাধ্যমে প্রাণ অ্যাগ্রো ২১০ কোটি টাকার মূলধন সংগ্রহ করেছে। প্রাণ অ্যাগ্রোর এ সাফল্য দেশের বন্ড মার্কেটের জন্য একটি বড় মাইলফলক বলে চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা। গত সোমবার অনলাইনে আয়োজিত এক সভায় বিশেষজ্ঞরা এ অভিমত ব্যক্ত করেন।

দেশে প্রথমবারের মতো আন্তর্জাতিকভাবে নিশ্চয়তা দানকারী বন্ডের মাধ্যমে প্রাণ গ্রুপের অর্থ সংগ্রহের সফলতা উদযাপনে প্রাণ-আরএফএল গ্রুপ এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে জানানো হয়, প্রাণ অ্যাগ্রোর ইস্যু করা বন্ডের পুরোটাই কিনেছে বিমা খাতের বহুজাতিক কোম্পানি মেটলাইফ।

সভার প্রধান অতিথি প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, দীর্ঘমেয়াদি পুঁজি সংগ্রহে ব্যাংকের বাইরে বিকল্প উৎস হিসেবে বন্ড মার্কেট অত্যন্ত শক্তিশালী একটি খাত। বন্ড বাজারে আন্তর্জাতিক জিম্মাদার ও অর্থ সংস্থানকারী প্রতিষ্ঠান যুক্ত হলে বন্ড বাজারটি আরও শক্তিশালী হবে। অন্যরাও তখন বন্ড ছেড়ে অর্থ সংগ্রহে আগ্রহী হয়ে উঠবে।

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসন বলেন, যুক্তরাজ্য সব সময় বাংলাদেশের দীর্ঘমেয়াদি উন্নয়ন সহযোগী। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য বন্ড মার্কেটের উন্নয়ন প্রয়োজন। এ মার্কেট বড় হলে আমাদের বিনিয়োগকারীরাও বিনিয়োগে আগ্রহী হবে।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান সিরাজুল ইসলাম বলেন, প্রাণ অ্যাগ্রোর বন্ড ইস্যু অন্যদের জন্য অনুপ্রেরণামূলক। এটি দেশীয় প্রতিষ্ঠানগুলোকে দীর্ঘমেয়াদি পুঁজি সংগ্রহে উৎসাহ দেবে। বিডা সব সময় দেশে ব্যবসার পরিবেশ সহজ করার জন্য কাজ করে যাচ্ছে।

সভায় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, ‘বন্ড বাজারকে সামনে এগিয়ে নিতে বিএসইসি কাজ করছে। আমরা আশা করছি, প্রাণের সাফল্যের পর অন্যরাও এখন প্রাণকে অনুসরণ করবে।’

সভায় প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী বলেন, ‘দেশে এখনো সেভাবে বন্ড বাজার গড়ে ওঠেনি। বিএসইসি এ নিয়ে কাজ করছে। আমি আশা করি, ভবিষ্যতে বন্ড বাজার বাংলাদেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। বেসরকারি কোম্পানিগুলো বন্ডের মাধ্যমে প্রয়োজনীয় অর্থের জোগান পাবে।’

অনুষ্ঠানে জানানো হয়, সম্প্রতি প্রাণ অ্যাগ্রোর ২১০ কোটি টাকার অরূপান্তরযোগ্য বন্ডের লেনদেন সফলভাবে শেষ হয়েছে। এ বন্ডটি মেয়াদ শেষে সম্পূর্ণ অবসায়িত হবে। এটি আন্তর্জাতিক গ্যারান্টেড প্রথম বাংলাদেশি বন্ড। বন্ডের মাধ্যমে সংগ্রহ করা অর্থ কৃষির সাপ্লাই চেইন এবং স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে প্রাণ অ্যাগ্রো লিমিটেডের কর্মকাণ্ড সম্প্রসারণে ব্যবহার করা হবে।