বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর করারোপ নিয়ে ওয়েবিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০২১-২২ অর্থবছরে প্রস্তাবিত বাজেটে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আয়ের ওপর ১৫ শতাংশ আয়কর আরোপের প্রস্তাব করা হয়েছে। যা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্ট সব মহল, শিক্ষার্থী, অভিভাবকের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে বলে মনে করছে প্রাইভেট ইউনিভার্সিটি পাবলিক রিলেশনস অফিসার্স অ্যাসোসিয়েশনস (পুপরোয়া)।

সংগঠনটি মনে করে, কোম্পানি আইন ১৯৯৪–এর আওতায় লাভজনক প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত মেডিকেল কলেজ ও ইঞ্জিনিয়ারিং কলেজের সঙ্গে ট্রাস্ট আইনে অলাভজনক হিসেবে পরিচালিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর একই হারে আয়কর আরোপের প্রস্তাবনা আইনের পরিপন্থী এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

আজ মঙ্গলবার ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: বর্তমান বাস্তবতা’ শীর্ষক অনলাইন এক আলোচনায় এ কথা বলেন বক্তারা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির সভাপতি ও ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান শেখ কবির হোসেন।
শেখ কবির বলেন, ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উদ্ভূত আয়ের ওপর ১৫ শতাংশ আয়কর আরোপের প্রস্তাব করা হয়েছে। যা দেশের উচ্চশিক্ষা প্রসারের অন্যতম অংশীদার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্ট সব মহল এবং শিক্ষার্থী, অভিভাবকের মধ্যে ব্যাপক উদ্বেগ-উৎকণ্ঠার সৃষ্টি করেছে।

বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০ অনুযায়ী, ট্রাস্টের অধীন বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত। ট্রাস্ট আইন ১৮৮২ অনুযায়ী ট্রাস্টের অধীন পরিচালিত হওয়ার অলাভজনক প্রতিষ্ঠান করযোগ্য নয়।

ওয়েবিনারে আরও ছিলেন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) উপাচার্য আবদুর রব, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) উপাচার্য চৌধুরী মোফিজুর রহমান, সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য এ এফ এম মফিজুল ইসলাম এবং কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের সিনিয়র উপদেষ্টা ও ইউল্যাবের সাবেক উপাচার্য এইচ এম জহিরুল হক।

এর আগে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন পুপরোয়ার সিনিয়র সহসভাপতি মুহাম্মদ ইমতিয়াজ। সংগঠনের উপদেষ্টা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের জনসংযোগ ও তথ্য অধিকার বিভাগের পরিচালক এ কে এম শামসুল আরেফিন।

পুপরোয়ার সাধারণ সম্পাদক আবু সাদাতের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুপরোয়ার সভাপতি মনিরুল ইসলাম রিন্টু। অনুষ্ঠানে আরও যুক্ত ছিলেন বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির পরিচালক (জনসংযোগ) ও পুপরোয়ার উপদেষ্টা বেলাল আহমেদসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পুপরোয়ার সদস্যরা।