বেসিক ব্যাংক চালু করল কন্টাক্টলেস ক্রেডিট কার্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কন্টাক্টলেস ডুয়েল কারেন্সি ক্রেডিট সেবা চালু করেছে বেসিক ব্যাংক লিমিটেড
ছবি: বিজ্ঞপ্তি

রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে প্রথম কন্টাক্টলেস ডুয়েল কারেন্সি ক্রেডিট সেবা চালু করেছে বেসিক ব্যাংক লিমিটেড। গ্রাহকদের উন্নত সেবা দেওয়ার জন্য এই কার্ড চালু করা হয়েছে। গতকাল রোববার ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি সংযুক্ত হয়ে এই সেবার উদ্বোধন করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. মো. আবুল হাশেম।

ব্যাংকের চেয়ারম্যান আবুল হাশেম বলেন, প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবায় গ্রাহক চাহিদা পূরণে আরও একধাপ এগিয়ে গেল বেসিক ব্যাংক। আন্তর্জাতিক ভিসা ব্রান্ডের এই কার্ডের মাধ্যমে গ্রাহকেরা সহজে দেশে-বিদেশে লেনদেন করতে পারবেন।

সভাপতির বক্তব্য ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. রফিকুল আলম বলেন, ‘রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে বেসিক ব্যাংকই ভিসা ব্র্যান্ডের কন্টাক্টলেস ক্রেডিট কার্ড সেবা প্রথম চালু করেছে। বর্তমানে করোনা মহামারির এই ঝুঁকির মধ্যে এই কার্ডের বিশেষ সুবিধা হলো স্পর্শ না করেই লেনদেন সম্পন্ন করা যাবে। আমাদের কার্ড হোল্ডাররা পিওএস টার্মিনালে তাঁদের কার্ড প্রবেশ না করিয়েই দ্রুত এবং অত্যন্ত সহজে লেনদেন উপভোগ করতে পারবেন।’

অনুষ্ঠানে পরিচালক মো. রাজীব পারভেজ, মো. রফিকুল ইসলামসহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী এবং কার্ড বিভাগের প্রধানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া ভার্চ্যুয়ালি সংযুক্ত হন ব্যাংকের পরিচালক মো. সাহেব আলী মৃধা।

অনুষ্ঠানে জানানো হয়, এই সেবা কার্ডহোল্ডারদের জন্য লেনদেনের প্রক্রিয়াকে আগের তুলনায় আরও দ্রুত, সহজ এবং সুবিধাজনক করে তুলবে। এ ছাড়া কেনাকাটায় ও খাবারের বিল পরিশোধে বিভিন্ন আউটলেটে ডিসকাউন্ট সুবিধা পাবেন এই কার্ডের গ্রাহকেরা।

লেনদেনের ক্ষেত্রে রিয়েল টাইম এসএমএস ও ই-অ্যালার্টের ব্যবস্থা রয়েছে। এই কার্ডে ইএমভি চিপ ব্যবহার করা হয়েছে, যা লেনদেনে সর্বোচ্চ নিরাপত্তা দেবে। এ ছাড়া ক্রেডিট লিমিটের ৫০ শতাংশ পর্যন্ত নগদ অর্থ উত্তোলন করা যাবে, যা অন্য হিসাবেও টাকা স্থানান্তর করা যাবে। বিজ্ঞপ্তি