১৪ অক্টোবর বিশ্ব মান দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘সমন্নিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে মান’। দিবসটির প্রতিপাদ্যের ওপর সেন্টার ফর হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চের (এইচবিআরসি) কারিগরি সহযোগিতায় প্রথম আলো অনলাইনে বিএসআরএম একটি ওয়েবিনারের আয়োজন করে। আয়োজনে এইচবিআরসির নির্বাহী পরিচালক প্রকৌশলী আবু সাদেকের সঞ্চালনায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক তারেক উদ্দিন এবং স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেডের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আবদুল আউয়াল।
ওয়েবিনারের শুরুতে সঞ্চালক জানান, আজ থেকে ৭৪ বছর আগে পণ্য ও সেবার মান নির্ধারণ ও নিয়ন্ত্রণে বিশ্বে কোনো প্রতিষ্ঠান ছিল না। পণ্য ও সেবার মান নির্ধারণ ও নিয়ন্ত্রণে ১৯৪৭ সালে আন্তর্জাতিক মান সংস্থার (আইএসও) জন্ম হয়। বর্তমানে আইএসওর প্রকাশিত মান ২৩ হাজারের বেশি। সূচনার সেই দিনকে স্মারণ করা এবং কর্তৃপক্ষ, উদ্যোক্তা, ভোক্তাসহ সংশ্লিষ্ট সবার সচেতনা বাড়ানোর লক্ষ্যে বিশ্বব্যাপী ১৯৭০ সাল থেকে ১৪ অক্টোবর বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিনটি উদ্যাপন হয়ে আসছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘সমন্নিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে মান’।
টেকসই উন্নয়নের অন্যতম পূর্বশর্ত হলো পরিবেশকে বিবেচনায় রাখা। সেই লক্ষ্যে পরিবেশবান্ধব ও নিরাপদ ভবন নির্মাণে মানের গুরুত্ব বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনার শুরুতেই নিরাপদ ও টেকসহ উন্নয়নসংশ্লিষ্ট ভূমিকা উপস্থাপনের পরই শুরু হয় মূল আলোচনা পর্ব।
শুরুতে প্রকৌশলী আবু সাদেক পরিবেশ রক্ষায় গুরুত্ব আরোপ ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে নির্মাণ উপকরণের কার্বন নিঃসরণসংক্রান্ত বিভিন্ন তথ্য–উপাত্তের ওপর জোর দেন। তিনি বেশ কিছু নির্মাণ উপকরণের কার্বন নিঃসরণের পরিমাণ বর্ণনা করেন, যেখানে দেখা যায় যে প্রতি কেজি মাটিপোড়া ইট গড়ে ০.২৪ কেজি কার্বন ডাই–অক্সাইড নিঃসরণ করে। অন্যদিকে প্রতি কেজি কংক্রিট ব্লক গড়ে মাত্র ০.০৭৩ কেজি কার্বন ডাই–অক্সাইড নিঃসরণ করে। তিনি বলেন, ‘ইট তৈরিতে কৃষিজমির উপরিভাগের মাটির ব্যবহারের ফলে প্রতিবছর আমরা বিপুল পরিমাণ কৃষিজমি হারাচ্ছি, যা খাদ্যনিরাপত্তার ওপর হুমকিস্বরূপ। ইট ছাড়াও আমাদের গ্রামীণ বাড়িঘরে সর্বাধিক ব্যবহৃত নির্মাণ উপকরণ হলো ঢেউটিন। ঢেউটিন পরিবেশবান্ধব নয় এবং অস্বাস্থ্যকর ও স্বল্পায়ুসম্পন্ন।’ তিনি ইটের পরিবর্তে কংক্রিট ব্লক ও ঢেউটিনের পরিবর্তে ফেরোসিমেন্ট ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।
আয়োজনে সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আলোচনা শুরু করেন অধ্যাপক তারেক উদ্দিন। তিনি বলেন, ‘আমরা যখন স্ট্রাকচার ডিজাইন করব, তখন স্ট্রাকচার যদি সাসটেইনেবল না হয়, তাহলে কিন্তু আমাদের এসডিজিগুলো পূরণ করতে পারব না। আমাদের ১৭টি এসডিজি আছে। আমাদের ২০৩০ সালের মধ্যে এ লক্ষ্যে পৌঁছাতে হবে। এই এসডিজিগুলো কিন্তু আমাদের কনস্ট্রাকশনের সঙ্গে জড়িত। নির্মাণে গুণগত পরিবর্তন ছাড়া এসডিজি পূরণ করা বা ভূমিকম্প সহনশীল একটি অবকাঠামো তৈরি করা সম্ভব নয়। আমরা যখন অবকাঠামো তৈরি করব, তখন যদি ভিত্তিটা শক্ত না হয়, তাহলে আমাদের পরিকল্পনামতো এগিয়ে যেতে পারব না।
এখানে রড, সিমেস্ট বড় ভূমিকা পালন করবে। এ পণ্যগুলোর মান ভালো না হলে কনস্ট্রাকশন মজবুত হবে না। এখানের মানের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আমরা যাঁরা বিল্ডিংয়ে স্টিল ব্যবহার করব, তাঁদের উচিত স্ট্যান্ডার্ড মান বজায় আছে, এমন স্টিল ব্যবহার করা। বিএসটিআইয়ের স্ট্যান্ডার্ড স্টিল ব্যবহার করলে আমাদের অবকাঠামোগুলো আর বেশি মজবুত ও শক্ত হবে। স্ট্যান্ডার্ডের সঙ্গে বিএনবিসিও জড়িত। আমরা কোন গ্রেডের স্টিল ব্যবহার করতে পারব, তা বিএনবিসিতে উল্লেখ্য রয়েছে।’
আলোচক হিসেবে অংশ নিয়ে প্রকৌশলী আবদুল আউয়াল বলেন, ‘বাজারে বিভিন্ন ধরনের পণ্য পাওয়া যায়। সাধারণ মানুষ এগুলো ভালোভাবে চিনেন না। তাঁরা দেখে কম দাম কোন পণ্যের। যেটা কম দামে পাবেন, সেটাই তাঁরা কিনবেন, সেটাই তাঁরা লাগাবেন। সেখানে প্রকৌশলীদের অংশগ্রহণ থাকতে হবে। যদি তাঁদের অংশগ্রহণ না থাকে, তাহলে তো ভালো মানের পণ্য কেনা যাবে না। প্রকৌশলীদের সম্পৃক্ত করলে কিছু টাকা খরচ হয়। এ টাকার জন্য তাঁরা প্রকৌশলীদের কাজের সঙ্গে যুক্ত করেন না।
২০ বছর আগের চেয়ে এখন কিন্তু তুলনামূলক বেশি যুক্ত হচ্ছেন প্রকৌশলীরা। এখানে আরেকটি বিষয় হলো এখন কিন্তু অনেক কোম্পানিই ভালো মানের নির্মাণসামগ্রী তৈরি করে। বিশেষ করে ভালো মানের রড তৈরি করে বেশ কিছু কোম্পানি। তবে ভয়ের বিষয় হলো এখন কিছু কোম্পানি আছে, তারা খারাপ মানের পণ্য তৈরি করে বাজারে ছেড়ে দিচ্ছে। তাই পণ্যের মানের ক্ষেত্রে আমাদের অনেক বেশি সতর্ক থাকতে হবে। আমাদের দামের চেয়ে পণ্যের মানের দিকে বেশি নজর দিতে হবে। সবচেয়ে বড় কথা হলো পণ্যের কোয়ালিটি ভালো থাকলে অবকাঠামো ভালো হবেই। এটা সাধারণ মানুষকে বুঝাতে হবে।’
অনুষ্ঠানের সারমর্ম বলতে গিয়ে সঞ্চালক প্রকৌশলী আবু সাদেক বলেন, ‘আমাদের এখানে ভালো মানের পণ্য প্রস্তুতিকারী প্রতিষ্ঠান রয়েছে। আবার বাজারে খারাপ মানের পণ্যও রয়েছে। তাই নির্মাণ পণ্য কেনার সময় আমাদের আরও বেশি সতর্ক হতে হবে। আমাদের দেখেশুনে ভালো মানের পণ্য ক্রয় করতে হবে। আমাদের ভালো কোম্পানির রড ও সিমেন্ট কিনতে হবে। অন্যথায় আমাদের স্ট্রাকচারগুলো ঝুঁকির মধ্যে পড়তে পারে। সর্বোপরি সব ভবন নির্মাণে আমাদের বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (বিএনবিসি) অনুসরণ করতে হবে। তাহলেই ভালো থাকবে আমাদের কাঠামোগুলো এবং ভালো থাকবে আমাদের আগামী প্রজন্ম।’