মাস্টারকার্ড ও ব্র্যাক নিয়ে এল তরুণ প্রজন্মের জন্য ক্রেডিট কার্ড
মাস্টারকার্ড ও ব্র্যাক ব্যাংক বাংলাদেশের তরুণদের জন্য ‘মাস্টারকার্ড মিলেনিয়াল টাইটেনিয়াম ক্রেডিট কার্ড’ চালু করেছে। দেশের মিলেনিয়াল (১৯৮১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত জন্ম) প্রজন্ম ও কর্মজীবী তরুণদের চাহিদার বিবেচনায় এই কার্ড চালু করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে দেশের ‘ডিজিটাল-ফার্স্ট’ প্রজন্মের মধ্যে ব্যয়ের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। মাস্টারকার্ড ও ব্র্যাক ব্যাংকের নতুন এই কার্ড ব্যক্তিবিশেষের চাহিদামাফিক আর্থিক সমাধান দেবে।
এই কার্ড ব্যবহারকারীদের জন্য ‘ওয়েলকাম প্যাক’ হিসেবে থাকছে ই-কমার্স পোর্টাল, পোশাকের দোকান, বিউটি সেলুন ও কফি শপগুলোতে কেনাকাটার বিপরীতে ক্যাশব্যাক, ভাউচার, মূল্যছাড়সহ নানা পুরস্কার ও সুবিধা। পাশাপাশি তাঁদের জন্য আছে দেশের সাড়ে পাঁচ হাজারের বেশি অংশীদারি আউটলেটে মুদি পণ্য ও অনলাইনভিত্তিক কেনাকাটায় বোনাস পয়েন্ট রিওয়ার্ড, হোটেলে অবস্থানকালে (বোগো বা বাই-ওয়ান-গেট-ওয়ান) সুবিধা, ডাইনিং ও বিভিন্ন লাইফস্টাইল অফার। এ ছাড়া আরও থাকবে বিমানবন্দর লাউঞ্জে বছরে দুটি কমপ্লিমেন্টারি ভিজিট ও ভ্রমণের ক্ষেত্রে ৫ হাজার মার্কিন ডলার এনডোর্স করার বিপরীতে ৫০০ বোনাস পয়েন্ট অর্জনের সুযোগ।
এই কার্ড ব্যবহার করে মিলেনিয়ালরা সুদ ছাড়া খুচরা পণ্য কেনার সুযোগ পাবেন। ‘মাস্টারকার্ড মিলেনিয়াল টাইটেনিয়াম ক্রেডিট কার্ড’ ব্যবহার করে গ্লোরিয়া জিন্স, নর্থ-এন্ড কফি, ক্রিমসন কাপ, কুপার্স ও ডোমিনোজ পিৎজায় মাসে ন্যূনতম ৫ হাজার টাকা খরচে ১ হাজার রিওয়ার্ড পয়েন্ট জেতার সুযোগ থাকবে। সপ্তাহ শেষে নির্ধারিত মুদি পণ্যের দোকানে কেনাকাটায় মাসিক ভিত্তিতে দ্বিগুণ বোনাস রিওয়ার্ড পয়েন্ট এবং নির্দিষ্ট অনলাইন ফুড ডেলিভারি অ্যাপে ১৫ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাকসহ বছরজুড়ে আরও নানা সুবিধা।
এ প্রসঙ্গে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম রেজা ফরহাদ হোসেন বলেন, ‘মাস্টারকার্ডের সঙ্গে যৌথভাবে এই প্রথম বাংলাদেশের মিলেনিয়াল প্রজন্মের জন্য ক্রেডিট কার্ড চালুর ঘোষণা দিতে পেরে ব্র্যাক ব্যাংক অত্যন্ত আনন্দিত। আমরা বিশ্বাস করি, তরুণ প্রজন্মকে দেশের অর্থনীতিতে সম্পৃক্ত করা ও তাদের ক্ষমতায়নের জন্য এটাই সবচেয়ে উপযুক্ত সময়। এতে তারা নিজেদের পূর্ণ সম্ভাবনা ও গুরুত্ব অনুধাবন করতে পারবেন।’
মাস্টারকার্ড বাংলাদেশের প্রধান সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, ‘দেশের মোট জনসংখ্যার বড় এক অংশ মিলেনিয়াল প্রজন্মের। তাই ধারাবাহিক পরিবর্তনের মাধ্যমে মোবাইল ফোনের মতো প্রযুক্তিনির্ভর এই প্রজন্মকে নগদবিহীন অর্থাৎ ডিজিটাল পদ্ধতির লেনদেনে অভ্যস্ত করে তোলার সম্ভাবনা আছে। প্রযুক্তিভিত্তিক অত্যাধুনিক লেনদেন সেবাদাতা কোম্পানি হিসেবে মাস্টারকার্ড মিলেনিয়াল প্রজন্মের গ্রাহকদের জন্য নিরাপদ ও বিরামহীন লেনদেন অভিজ্ঞতা নিশ্চিত করতে বদ্ধপরিকর।’
জোহাদ রেজা চৌধুরী (নেমেসিস ব্যান্ড দলের ভোকালিস্ট) ও অভিনেত্রী তাসনিয়া ফারিন—দুজনই মাস্টারকার্ড মিলেনিয়াল ক্রেডিট কার্ডের প্রচারণা করবেন।