মিডল্যান্ড ব্যাংকের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচিত
নিলুফার জাফরুল্লাহ আবার মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। একই সঙ্গে মো. শামসুজ্জামান ব্যাংকের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ২৩ আগস্ট অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের ১০১তম সভায় পরিচালকদের সর্বসম্মতিক্রমে চেয়ারম্যানকে পুনর্নির্বাচিত করেন এবং নতুন ভাইস চেয়ারম্যান নির্বাচিত করেন।
নিলুফার জাফরুল্লাহ শুরু থেকে ২০১৭ সাল পর্যন্ত মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের ভাইস চেয়ারম্যান এবং ২০১৮ সাল থেকে ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্বে ছিলেন। তিনি দশম জাতীয় সংসদের একজন সাংসদ। একজন স্থপতি হিসেবে নিলুফার জাফরুল্লাহ ২৫ বছরের বেশি সময় ধরে শিক্ষা ও উন্নয়নে অবদান রেখেছেন।
তিনি সমাজের বিভিন্ন মানবিক কাজের সঙ্গে যুক্ত। তিনি ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি) এবং চট্টগ্রাম ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) ট্রাস্টি বোর্ডের সদস্য। তিনি হংকং সাংহাই মানজালা টেক্সটাইল লিমিটেডের পরিচালক এবং বেগম জেবুন্নেসা ও কাজী মহাব্বুল্লাহ জনকল্যাণ ট্রাস্টের ডোনার ট্রাস্টি।
দেশের স্বনামধন্য শিল্প গ্রুপ মাইক্রো ফাইবার গ্রুপের কর্ণধার, শিল্পপতি মো. শামসুজ্জামান লিবার্টি নিটওয়্যার লিমিটেডের মনোনীত পরিচালক হিসেবে মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের সদস্য। তিনি এর আগের মেয়াদে ব্যাংকের পরিচালনা পর্ষদের ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান এবং অডিট কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। দেশের শিল্প গ্রুপ মাইক্রো ফাইবার গ্রুপের কর্ণধার শামসুজ্জামান লিবার্টি নিটওয়্যার লিমিটেড, ওরিয়েন্ট কেম-টেক্স লিমিটেড, মাইক্রো ফাইবার লিমিটেড, মিডল্যান্ড নিটওয়্যার লিমিটেড, এ-ওয়ান পোলার লিমিটেড, টাঙ্গন গার্মেন্টস লিমিটেড এবং টারবিনজেন কেমিক্যালস (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। বিজ্ঞপ্তি