শাহজালাল বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেস লাউঞ্জের উদ্বোধন
সিটি ব্যাংক ও আমেরিকান এক্সপ্রেস গতকাল সোমবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে তাদের তৃতীয় আন্তর্জাতিক লাউঞ্জ চালু করেছে। উল্লেখ্য, ২০১০ সালে সিটি ব্যাংক ও আমেরিকান এক্সপ্রেস ঢাকা বিমানবন্দরে দেশের প্রথম আন্তর্জাতিক এয়ারপোর্ট লাউঞ্জ এবং ২০১৮ সালে একই এয়ারপোর্টে একটি প্লাটিনাম লাউঞ্জ চালু করে।
এ লাউঞ্জে অতিথিদের জন্য রয়েছে নানান সেবা, যার মধ্যে বিজনেস সেন্টার, নামাজের স্থান, উচ্চগতির ইন্টারনেট, আমেরিকান এক্সপ্রেস কার্ড সার্ভিস ডেস্ক ইত্যাদি অন্যতম। লাউঞ্জটি সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেস গোল্ড ও প্লাটিনাম কার্ড মেম্বারদের জন্য ২৪ ঘণ্টা খোলা থাকছে। এতে অতিথিদের জন্য খাবারদাবার থাকছে আন্তর্জাতিক পাঁচ তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে। এ লাউঞ্জের সঙ্গেই রয়েছে একটি মুজিব কর্নার, যার সংগ্রহে থাকা হাজারখানেক বই মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুবিষয়ক গবেষণায় ভূমিকা রাখবে।
সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান প্রধান অতিথি হিসেবে লাউঞ্জটি উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার ও পরিচালক তাবাসসুম কায়সার। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন, লাউঞ্জটির ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ধানসিঁড়ি কমিউনিকেশন লিমিটেডের শমী কায়সার, সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফ ও মোহাম্মদ মাহবুবুর রহমান এবং সিভিল এভিয়েশনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।
বিজ্ঞপ্তি