সাপ্লাই চেইন এক্সিলেন্স অ্যাওয়ার্ডস পেল ১৫ প্রতিষ্ঠান ও ব্যক্তি
এ বছর বাংলাদেশ সাপ্লাই চেইন এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল ১৫ প্রতিষ্ঠান ও ব্যক্তি। আইপিডিসি ফাইন্যান্স এবং বাংলাদেশ সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সোসাইটি যৌথভাবে এক অনলাইন অনুষ্ঠানে এ পুরস্কার দেয়। পুরস্কারে ১১টি ক্যাটাগরিতে ১২ বিজয়ী ও ৩টি স্পেশাল মেনশন রয়েছে।
প্রাতিষ্ঠানিকভাবে নিত্যনতুন উদ্ভাবনী কৌশল গ্রহণের কল্যাণে বর্তমানে বাংলাদেশে সাপ্লাই চেইন ইকো সিস্টেম বিকশিত হচ্ছে। আর এই খাতের রূপান্তরে ভূমিকা রাখা প্রতিষ্ঠানগুলোকে স্বীকৃতি দিতে বাংলাদেশ সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সোসাইটির সঙ্গে যৌথ উদ্যোগে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড ২০১৮ সালে প্রবর্তন করেছিল সাপ্লাই চেইন এক্সিলেন্স অ্যাওয়ার্ড। এরই ধারাবাহিকতায় এ বছর তৃতীয়বারের মতো গত ২৯ ডিসেম্বর সম্মানজনক এ পুরস্কার প্রদান করা হয়। আয়োজনটি আইপিডিসি ফাইন্যান্সের অফিশিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে সরাসরি সম্প্রচার করা হয়।
এই আয়োজনের নলেজ পার্টনার হিসেবে সম্পৃক্ত ছিল ইন্টারন্যাশনাল সাপ্লাই চেইন এডুকেশন অ্যালায়েন্স (আইএসসিএএ)। আইএসসিএএর রিজিওনাল সিইও এজাজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিএমইএর সভাপতি রুবানা হক। তিনি বলেন, আইপিডিসি সব সময়ই এ রকম বিশেষ কিছু করে। একটি প্রতিষ্ঠান গড়ে তোলার পেছনে যে কঠোর নিবেদন, সেটিকে স্বীকৃতি ও প্রণোদনা দেওয়া গুরুত্বপূর্ণ। যাঁরা প্রতিষ্ঠানের সাপ্লাই চেইন ইকো সিস্টেমের অংশীদার হয়ে নিরলসভাবে কাজ করছেন, তাঁদের প্রচেষ্টাকে এভাবেই অভিনন্দিত করা ও স্বীকৃতি দেওয়া প্রয়োজন।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক কেদার লেলে বলেন, ‘২০২০ সাল আমাদের সবার জীবনেই এক ব্যতিক্রমী বছর হয়ে থাকবে। এ রকম মহামারি আমাদের কারও প্রত্যাশাতেই ছিল না। কিন্তু এ রকম একটি বছর প্রতিষ্ঠানগুলো মোকাবিলা করেছে যেসব নায়কদের কল্যাণে তাঁরা হলেন প্রতিষ্ঠানের সাপ্লাই চেইন পেশাদার। আপনারাই এই স্থির হয়ে যাওয়া সময়ে কার্যক্রম গতিশীল রাখতে ভূমিকা রেখেছেন সবচেয়ে বেশি, পণ্যের সরবরাহ ব্যবস্থা টিকিয়ে রেখেছেন। যদি আপনারা হাল ছেড়ে দিতেন, তাহলে আমাদের এগিয়ে চলা অব্যাহত থাকত না।’
আইপিডিসি ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মমিনুল ইসলাম বলেন, এ আয়োজনের কেন্দ্রবিন্দুর পুরোটাই কেবল উদ্ভাবন আর উদ্ভাবন। যাঁরা ধারাবাহিকভাবে তাঁদের প্রতিষ্ঠান সচল রাখতে, প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ সম্পদকে কাজে লাগাতে, প্রাতিষ্ঠানিক কালচার সমুন্নত রাখতে এবং ধারাবাহিক সহযোগিতার সম্পর্ক টিকিয়ে রাখতে নিত্যনতুন উদ্ভাবনী কৌশলের সূচনা করেন, এই অসাধারণ অর্জনের স্বীকৃতি তাঁদের প্রাপ্য।
বিএসসিএমএসের সভাপতি নকিব খান বলেন, বছরটি সবার জন্যই এক অভাবনীয় বছর এবং সংকট চলাকালে সাপ্লাই চেইন ছিল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত খাতের একটি। সাপ্লাই চেইন ব্যবস্থা অব্যাহত রাখার ক্ষেত্রে বছরটি আমাদের সবার জন্য ভীষণ চ্যালেঞ্জিং ছিল, তবে সাপ্লাই চেইন কার্যক্রম আমরা অব্যাহত রাখতে পেরেছি। ক্রমবর্ধমান অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখতে এবং জনগণ, প্রতিষ্ঠান, দেশের জন্য সেবা দিয়ে যেতে মহামারি সত্ত্বেও আমাদের পুরো সাপ্লাই চেইন পেশাদারকে তাদের কর্মকাণ্ড বাধাহীনভাবে চালিয়ে যাওয়ার সুযোগ দিতে হবে।’
জুরিবোর্ড
ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের ট্রাস্টি বোর্ডের বিশেষ উপদেষ্টা ইমরান রহমান, ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেডের চেয়ারম্যান মাসুদ খান, অ্যাপেক্স এন্টারপ্রাইজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর এবং ডিএইচএল এক্সপ্রেস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মিয়ারুল হককে নিয়ে গঠিত একটি স্বাধীন ও স্বতন্ত্র জুরি প্যানেল ৮৫টির বেশি মনোনীত প্রতিষ্ঠান ও ব্যক্তির মধ্য থেকে বিজয়ীদের বাছাই করে।
বাংলাদেশের উৎপাদনমুখী ও সেবাপ্রদানকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে যারা সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে, তাদের এই পুরস্কার দেওয়া হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেহজাদ মুনিম, ব্যবস্থাপনা পরিচালক, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ; রূপালী চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড; সুদর্শন রেড্ডি, চিফ অপারেটিং অফিসার, অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড; আশীষ গোপাল, ব্যবস্থাপনা পরিচালক, ম্যারিকো বাংলাদেশ লিমিটেড; বিশাল গুপ্ত, ব্যবস্থাপনা পরিচালক, রেকিট বেনকিজার (বাংলাদেশ) লিমিটেড; আবির আহমেদ রাব্বি, সভাপতি, সাপ্লাই চেইন অ্যালায়েন্স।
পুরস্কার পেলেন যাঁরা
বাংলাদেশ সাপ্লাই চেইন এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ২০২০ বিজয়ীরা হলেন—অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড এবং ম্যারিকো বাংলাদেশ লিমিটেড উভয়ই গ্রাহকসেবা, পণ্যের গুদাম ব্যবস্থাপনা ও বিতরণে তাদের দক্ষতার জন্য যৌথভাবে বাংলাদেশ সাপ্লাই চেইন এক্সিলেন্স অ্যাওয়ার্ড জিতেছে। অ্যাপেক্সের কৌশল ছিল পণ্যের মজুত সমুন্নত রাখা এবং গ্রাহক সন্তুষ্টি বজায় রাখা। অন্যদিকে ম্যারিকো বাংলাদেশ গ্রাহকসেবা নিশ্চিতের জন্য একাধিক কেপিআইকে শক্তিশালী করে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে।
রেকিট বেনকিজার (বাংলাদেশ) লিমিটেড লজিস্টিকস অ্যান্ড ট্রান্সপোর্টেশন ম্যানেজমেন্ট ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে।
কৃষকদের জীবিকা উন্নয়ন, সরবরাহকারীদের ক্ষতি বিশ্লেষণ, সরকারের সঙ্গে যৌথভাবে অংশীদার হয়ে সক্ষমতা বৃদ্ধিতে কাজ করাসহ সরবরাহ চেইনের প্রসারের জন্য সাপ্লাই চেইন কোলাবোরেশান অ্যান্ড পার্টনারিং পুরস্কারটি জিতে নিয়েছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ। সাপ্লাই চেইন ফাইন্যান্স ম্যানেজমেন্ট ও সাপ্লাই চেইন প্ল্যানিং প্রসেস—এই দুটি পুরস্কার অর্জন করে ম্যারিকো বাংলাদেশ। টেকসই পেপার ও প্লাস্টিক প্যাকেজিং প্রজেক্টের জন্য ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড সাপ্লাই চেইন সাসটেইনেবিলিটি পুরস্কার অর্জন করে।
সেরা সাপ্লাই চেইন পদ্ধতি বাস্তবায়নে যেসব পেশাদার কাজ করছেন, তাঁদের স্বীকৃতি প্রদানের উদ্যোগ গ্রহণ করায় সাপ্লাই চেইন ট্যালেন্ট ডেভেলপমেন্ট পুরস্কার পেয়েছে সাপ্লাই চেইন অ্যালায়েন্স। আস্থা ও ক্লাউডে সোর্সিংয়ের তাৎক্ষণিক ট্রাকিং সিস্টেম বাস্তবায়ন—এই দুই প্রজেক্টের জন্য টেকনোলজি অ্যাজ সাপ্লাই চেইন এনাবলার অ্যাওয়ার্ড অর্জন করেছে বার্জার পেইন্টস বাংলাদেশ।
ক্লাউড কিচেনভিত্তিক ডিজিটাল ফুড চেইনসহ অন্যান্য ব্র্যান্ড যে প্রতিষ্ঠানটির অধীনে সেই ক্লুডিও বাংলাদেশের কিশোর আহমেদ হাশেমি টেকনোলজি এজ সাপ্লাই চেইন এনাবলার ক্যাটাগরিতে স্পেশাল মেনশন স্বীকৃতি পেয়েছেন।
ইয়ং সাপ্লাই চেইন ট্যালেন্ট অব দ্য ইয়ার ক্যাটাগরিতে এ বছর দুজন নারী পুরস্কৃত হয়েছেন। ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের আসমা আক্তার ব্যবসায়ের প্রবৃদ্ধি ও সেবার মধ্যে সমন্বয় সাধনের উদ্যোগের জন্য এবং বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের জেবা সামিহা সমন্বিত পরিকল্পনার মাধ্যমে গ্রাহকের সেবা জোরদার করার জন্য এই পুরস্কার অর্জন করেছেন।
নেতৃত্বগুণ ও প্রাতিষ্ঠানিক সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতে নতুন নতুন উপায় উদ্ভাবনের জন্য ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের হাসনাইন ইশতিয়াক সাপ্লাই চেইন প্রফেশনাল অব দ্য ইয়ার পুরস্কার জয় করেন। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সাপ্লাই চেইন ইকোসিস্টেমে তাঁদের গুরুত্বপূর্ণ অবদানের জন্য ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের মো. আবদুল আলীম, রেকিট বেনকিজার (বাংলাদেশ) লিমিটেডের মোহাম্মদ জিয়া উদ্দিনকে এই ক্যাটাগরিতে স্পেশাল মেনশন প্রদান করা হয়। বিজ্ঞপ্তি