স্মার্ট টেকনোলজি এখন সনির পরিবেশক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্মার্ট টেকনোলোজি (বিডি) লিমিটেড এখন থেকে বাংলাদেশে সনির আনুষ্ঠানিক পরিবেশক। সম্প্রতি রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সনি করপোরেশন আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন সনি দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রেসিডেন্ট আতসুশি এন্দো।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। তিনি বলেন, দেশের কনজিউমার ইলেকট্রনিক মার্কেটিংসহ বিভিন্ন প্রযুক্তিগত পরিষেবার আধুনিকায়নে জাপানের বৃহৎ প্রযুক্তি কোম্পানি সনি ও স্মার্ট টেকনোলোজি (বিডি) লিমিটেডের এই যৌথ উদ্যোগ সঠিক ও যুগোপযোগী সিদ্ধান্ত। তাঁর আশা, স্মার্ট টেকনোলোজি ও সনি দেশে টেলিভিশন কারখানা স্থাপন করবে।

ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে সনি করপোরেশন এবং স্মার্ট টেকনোলোজি (বিডি) লিমিটেডের এই উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করেন অনুষ্ঠানের বিশেষ অতিথি ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।
আতসুশি এন্দো বলেন, স্মার্ট টেকনোলজি (বিডি) লিমিটেড দেশের আইসিটি খাতে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখে। তাঁর বিশ্বাস, স্মার্ট টেকনোলোজি (বিডি) লিমিটেডের মাধ্যমে সনি বাংলাদেশের শিল্প উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানের আরও বক্তব্য দেন বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোহাম্মদ শহীদ-উল মনির, স্মার্ট টেকনোলজি (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সনি ইন্টারন্যাশনাল লিমিটেডের বাংলাদেশ শাখা এবং স্মার্ট টেকনোলোজি (বিডি) লিমিটেডের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী।