হাতিলের কারখানায় এনবিআর চেয়ারম্যান
দেশের আসবাব খাতের অন্যতম শীর্ষস্থানীয় ব্র্যান্ড হাতিলের কারখানা পরিদর্শন করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। আজ শনিবার সকালে জিরানি এলাকায় হাতিল কমপ্লেক্সে হাতিলের দুটি ইউনিট ঘুরে দেখার পাশাপাশি প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সেলিম এইচ রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
সেলিম এইচ রহমান বলেন, আসবাব তৈরির কাঁচামাল কাঠ, কাপড়, লেকার, কলকবজা সবই আমদানি করতে হয়। এসব পণ্যের আমদানি শুল্ক বেশি হওয়ায় উৎপাদন খরচ বেশি পড়ে। এ কারণে বিদেশের বাজারে প্রতিযোগিতা করা কঠিন হয়ে পড়ছে। এ ছাড়া মূসক সমন্বয়ের সময় অনেক জটিলতার সৃষ্টি হচ্ছে।
এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, ‘হাতিলের কারখানা পরিদর্শন করে ভালো লেগেছে। আমি আশাবাদী, শিগগিরই বিশ্ববাজারে হাতিল বড় সাফল্য অর্জন করবে। ভ্যাটের বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।’
দেশের পাশাপাশি গত কয়েক বছরে পার্শ্ববর্তী দেশ ভারত, নেপাল ও ভুটানে ব্যবসা সম্প্রাসরণ করেছে হাতিল। এসব দেশে হাতিলের নিজস্ব ব্র্যান্ডের আসবাব রপ্তানি হচ্ছে। বর্তমানে আসবাব রপ্তানিতে শীর্ষস্থানে রয়েছে হাতিল। বিজ্ঞপ্তি