দেশের বিভিন্ন খাতের চাহিদা অনুযায়ী স্পেনের হিমোইনসা ডিজেল জেনারেটর বাজারজাত করবে এসিআই মটরস। গত মঙ্গলবার অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে এসিআই মটরস ও হিমোইনসার মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
এসিআই মটরস জানায়, জাপানিজ প্রযুক্তির ইয়ানমার হারভেস্টার ও ট্রান্সপ্লান্টার, ইয়ামাহা মোটরবাইক, ফোটন কমার্শিয়াল ভেহিক্যাল, বিশ্ববিখ্যাত কোবেলকো এবং কেসের কন্সট্রাকশন ইকুইপমেন্ট বাংলাদেশে বাজারজাত করছে এসিআই মটরস। এরই ধারাবাহিকতায় হিমোইনসার সঙ্গে চুক্তি করেছে এসিআই। হিমোইনসা বিশ্বের চতুর্থ বৃহত্তম জেনারেটর প্রস্তুতকারী কোম্পানি। বিশ্বের বিভিন্ন প্রান্তে আটটি কারখানায় বছরে ৬০ হাজারের বেশি জেনারেটর তৈরি করে হিমোইনসা।
হিমোইনসা বিশ্বের চতুর্থ বৃহত্তম জেনারেটর প্রস্তুতকারী কোম্পানি। বিশ্বের বিভিন্ন প্রান্তে আটটি কারখানায় বছরে ৬০ হাজারের বেশি জেনারেটর তৈরি করে হিমোইনসা।
প্রতিষ্ঠানটির দাবি, হিমোইনসা ডিজেল জেনারেটর স্বল্প জ্বালানি খরচে বিদ্যুৎ সরবরাহ করতে সক্ষম। এ ছাড়া জেনারেটরটিতে রয়েছে আধুনিক প্রযুক্তির রিমোট মনিটরিং সিস্টেম, মেকানিক্যাল ও ইলেকট্রিক্যাল প্রোটেকশন ডিভাইস। হিমোইনসা জেনারেটরের বিক্রয়োত্তর সেবা ও স্পেয়ার পার্টসও বিক্রি করবে এসিআই।
অনলাইন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিআই মটরসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ফা হ আনসারি, নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাস, হিমোইনসার প্রধান নির্বাহী কর্মকর্তা ফ্রান্সিসকো গ্রেসিয়া গোমেজ, ইয়ানমার এনার্জি সিস্টেমের গ্লোবাল অপারেশন ডিভিশনের ডিভিশনাল ম্যানেজার জিমি ওনিশি, হিমোইনসা এশিয়া প্যাসিফিক পিটিই লিমিটেডের এপ্যাক রিজিওন হেড মারকো পেরিলো প্রমুখ।
এসিআই লিমিটেডের প্রধান ব্যবসায়িক অঙ্গপ্রতিষ্ঠান এসিআই মটরস লিমিটেড। এসিআই মটরস ২০১৬ সালে পাওয়ার জেনারেশনের ব্যবসা শুরু করে। কৃষি যান্ত্রিকীকরণ যন্ত্র বিপণন শিল্পে দেশের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর একটি এসিআই মটরস।