১০ কোটি মোটরসাইকেল উৎপাদনের মাইলফলক স্পর্শ করল হিরো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০০ মিলিয়ন বা ১০ কোটি মোটরসাইকেল উৎপাদনের মাইলফলক অর্জন করল ভারতের হিরো মোটোকর্প লিমিটেড। আজ বৃহস্পতিবার দুপুরে ভারতের উত্তরাখন্ডের হরিদ্বার শহরে নিজেদের কারখানায় উৎপাদিত এক্সট্রিম ১৬০ আর মডেলের একটি মোটরসাইকেল হিরোর ‘১০ কোটিতম মোটরসাইকেল’–এর খেতাব পেয়েছে।

১০ কোটি মোটরসাইকেল উৎপাদনের মাইলফলক অর্জনের মুহূর্তটি উদ্‌যাপনও বিশেষভাবে করেছে ৩৭ বছরের পুরোনো এই কোম্পানি। অনলাইনে অনুষ্ঠান হলেও হরিয়ানা রাজ্যের গুরুগ্রামের কারখানায় ছিল মূল আয়োজন। তাতে বক্তব্য দেন হিরো মোটোকর্পের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা পাওয়ান মুনজাল। বলিউড বাদশা শাহরুখ খানের উপস্থিতিতে জৌলুশ আরও বেড়ে যায়।

হিরোর ১০ কোটিতম মোটরসাইকেল কোথায় উৎপাদিত হবে, তা নিয়ে হরিদ্বার, গুরুগ্রাম ও রাজস্থানের নিমরানা কারখানার মধ্যে চলে প্রতিযোগিতা। অনুষ্ঠান চলাকালে গুরুগ্রামে স্কুটি, নিমরানায় স্পেলেন্ডার ও হরিদ্বারে এক্সট্রিম মডেলের মোটরসাইকেল উৎপাদন হচ্ছিল। শেষ পর্যন্ত অবশ্য এক্সট্রিম ১৬০ আর মডেলের একটি মোটরসাইকেল ১০ কোটি তমের খেতাব পায়।

আজ বৃহস্পতিবার দুপুরে ভারতের উত্তরাখন্ডের হরিদ্বার শহরে নিজেদের কারখানায় উৎপাদিত এক্সট্রিম ১৬০ আর মডেলের একটি মোটরসাইকেল হিরোর ‘১০ কোটিতম মোটরসাইকেল’–এর খেতাব পেয়েছে।

হিরো মোটোকর্পের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা পাওয়ান মুনজাল বলেন, ‘১০ কোটিতম মোটরসাইকেল উৎপাদনের মুহূর্তটি আবেগঘন। আজ থেকে আমাদের নতুন যাত্রা শুরু হলো। নতুন লক্ষ্য নিয়ে এগিয়ে যাবে হিরো মোটোকর্প।’ হিরো ব্যান্ডের প্রতি ক্রেতাদের আস্থার কারণেই ১০ কোটিতম মোটরসাইকেল উৎপাদন সম্ভব হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

১৯৮৪ সালে জাপানের হোন্ডা মোটর করপোরেশন হিরোর সঙ্গে যৌথ উদ্যোগে মোটরসাইকেল উৎপাদনের কারখানা করে ভারতের মুনজাল পরিবারে প্রতিষ্ঠান হিরো সাইকেলস। তাদের ব্র্যান্ড নাম ছিল হিরো-হোন্ডা। ২০১০ সালে হোন্ডা অংশীদারত্ব বিক্রি করে দেয়, যা কিনে নেয় হিরো। এরপর তারা নিজেরাই হিরো ব্র্যান্ডের মোটরসাইকেল বাজারজাত শুরু করে।

হিরো মোটোকর্পের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, ২০১৯-২০ অর্থবছরে ভারতের মোটরসাইকেল বাজারের ৫১ দশমিক ৯ শতাংশই হিরোর দখলে। ভারতের বাইরে ৪০টির বেশি দেশে ব্যবসা করছে নয়াদিল্লিভিত্তিক এই কোম্পানি। ভারতের ছয়টি এলাকায় হিরোর কারখানা রয়েছে। তা ছাড়া কলম্বিয়া ও বাংলাদেশে হিরোর মোটরসাইকেল উৎপাদন করা হচ্ছে। মোট আটটি কারখানায় হিরোর মোটরসাইকেল উৎপাদনসক্ষমতা ৯১ লাখ।

বিদেশি ব্র্যান্ডগুলোর মধ্যে হিরোই বাংলাদেশে সবার আগে উৎপাদন শুরু করে

২০১৯-২০ অর্থবছরে হিরো মোটোকর্প ২৯ হাজার ৬১৪ কোটি রুপির মোটরসাইকেল বিক্রি করেছে। যদিও তার আগের বছর প্রতিষ্ঠানটির বিক্রি ছিল ৩৪ হাজার ৩৪২ কোটি রুপি। মূলত করোনাভাইরাসের কারণেই গত অর্থবছর বিক্রিতে ধস নামে হিরোর

বিদেশি ব্র্যান্ডগুলোর মধ্যে হিরোই বাংলাদেশে সবার আগে উৎপাদন শুরু করে। নিটল-নিলয় গ্রুপের সঙ্গে যৌথ উদ্যোগে বাংলাদেশে কারখানা করেছে হিরো মোটোকর্প। কারখানাটি যশোরে, যেটি বছরে দেড় লাখ মোটরসাইকেল উৎপাদন করতে সক্ষম। কোম্পানির নাম এইচএমসিএল নিলয় বাংলাদেশ লিমিটেড। তাদের কারখানা ২০১৭ সালের জুনে যাত্রা শুরু করে। এ কোম্পানিতে মোট বিনিয়োগ ৩২৫ কোটি টাকা। আর কারখানায় হিরোর অংশীদারত্ব ৫৫ শতাংশ, বাকিটা নিলয়ের।