বাংলাদেশের ডিজিটাল অর্থনীতিতে মোট ১০০ কোটি মার্কিন ডলারের সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) আনার লক্ষ্য নিয়ে কাজ শুরু করেছে গ্লোবাল ডিজিটাল অপারেটর ভিওন এবং বাংলাদেশে তাদের অঙ্গপ্রতিষ্ঠান বাংলালিংক। এই লক্ষ্যের অংশ হিসেবে ভিওন নিজেদের পক্ষ থেকে ২৫ কোটি মার্কিন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে।
ডিজিটাল খাতে বিনিয়োগের সুযোগ তুলে ধরতে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের নিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে আয়োজিত এক বিনিয়োগ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। গত বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে এ সম্মেলন আয়োজন করে ভিওন।
অনুষ্ঠানে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক বিশেষ সহকারী তানভীর গনি উপস্থিত ছিলেন।
এ ছাড়া অনুষ্ঠানে বৈশ্বিক বিনিয়োগকারী, উন্নয়ন অর্থায়ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। তাঁদের মধ্যে রয়েছেন সংযুক্ত আরব আমিরাত সরকার, মার্কিন পররাষ্ট্র দপ্তর এবং ব্ল্যাকরক, রথসচাইল্ড, ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি) ও বিশ্বব্যাংকের প্রতিনিধিরা।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ভিওনের ‘ইনভেস্ট ইন বাংলাদেশ নাও’ উদ্যোগের অংশ হিসেবে এ বিনিয়োগ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এই উদ্যোগ মূলত বাংলাদেশ সরকারের সঙ্গে ভিওনের একটি প্রস্তাবিত পাবলিক-প্রাইভেট অংশীদারত্ব (পিপিপি)।
সম্মেলনে আন্তর্জাতিক বিনিয়োগকারী সম্প্রদায়ের সামনে বাংলাদেশের ডিজিটাল সম্ভাবনার চিত্র তুলে ধরে ভিওন। এ সময় বাংলালিংকের মাধ্যমে দেশে কানেক্টিভিটি থেকে ডিজিটাল সেবায় কার্যক্রম বাড়াচ্ছেন বলে জানান ভিওন গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কান তেরজিওগ্লো।
কান তেরজিওগ্লো বলেন, ‘বাংলাদেশের ডিজিটাল রূপান্তর দীর্ঘমেয়াদি বিনিয়োগের দারুণ সুযোগ তৈরি করেছে। এ সুযোগকে পুরোপুরি কাজে লাগাতে আমরা নিজেরা ২৫ কোটি ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছি। পাশাপাশি দেশে ১০০ কোটি ডলারের এফডিআই আনতে আন্তর্জাতিক অংশীদারদেরও যুক্ত করছি।’
ভিওনের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা অগি কে ফাবেলা বলেন, ‘বাংলাদেশে আমরা অনেক আগেই বিনিয়োগ করেছি, যা দেশটির ভবিষ্যতের প্রতি আমাদের দীর্ঘমেয়াদি আস্থার প্রতিফলন।’
সম্মেলনে ডিজিটাল সেবায় বাংলালিংকের সাম্প্রতিক অর্জনগুলো উপস্থাপন করা হয়। এ সময় জানানো হয়, সম্প্রতি বিটিআরসির কাছ থেকে স্টারলিংকের ‘ডিরেক্ট-টু-সেল’ বা স্যাটেলাইট থেকে মোবাইলে সেবা চালুর অনুমোদন পেয়েছে বাংলালিংক। ফলে মোবাইল নেটওয়ার্কের বাইরের এলাকাতেও উপযুক্ত স্মার্টফোন সরাসরি স্যাটেলাইটের সঙ্গে যুক্ত হতে পারবে। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশই প্রথম এই সেবা চালু করতে যাচ্ছে।
পাশাপাশি ভিওন ও স্কয়ার গ্রুপের যৌথ অংশীদারত্বে নতুন ‘ডিজিটাল ব্যাংক’ চালুর অনুমোদনের কথা সম্মেলনে জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ ছাড়া নিজস্ব ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ‘মুক্ত পে’ চালু করেছে বাংলালিংক, যার মাধ্যমে অর্থ স্থানান্তর, মার্চেন্ট ও বিল পেমেন্ট করা যাবে।
বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইওহান বুসে বলেন, ‘নিউইয়র্কে বিশ্বের শীর্ষস্থানীয় বিনিয়োগকারীদের একত্র করার মাধ্যমে ভিওন বাংলাদেশের জন্য একটি অনন্য সুযোগ তৈরি করেছে। আশা করছি, এর মাধ্যমে আগামীতে দেশের ডিজিটাল খাতে দীর্ঘমেয়াদি বিনিয়োগের পথ সুগম হবে।’