রিহ্যাবের আবাসন মেলা শুরু ১২ আগস্ট

রিহ্যাবের স্ট্যান্ডিং কমিটি ফর প্রেস অ্যান্ড মিডিয়ায় প্রথম সভায় বক্তব্য দেন সংগঠনের সভাপতি আলী আফজাল। আজ সোমবার রিহ্যাব কার্যালয়েছবি: রিহ্যাবের সৌজন্যে

রিহ্যাবের গ্রীষ্মকালীন আবাসন মেলা শুরু হচ্ছে আগামী ১২ আগস্ট। চার দিনের মেলা আয়োজিত হবে শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। মেলায় আবাসন প্রতিষ্ঠান, নির্মাণসামগ্রী খাতসংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান অংশ নেবে।

আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) স্ট্যান্ডিং কমিটি ফর প্রেস অ্যান্ড মিডিয়ায় প্রথম সভা শেষে এ বিষয়ে ঘোষণা দেওয়া হয়। রিহ্যাব কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান ও সংগঠনের পরিচালক তাসনোভা মাহবুব সালাম। রিহ্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

সভায় বক্তব্য দেন রিহ্যাবের সভাপতি আলী আফজাল। আরও উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ সহসভাপতি আব্দুর রাজ্জাক, সহসভাপতি এ এফ এম ওবায়দুল্লাহ, মো. হারুন অর রশিদ, স্ট্যান্ডিং কমিটি ফর প্রেস অ্যান্ড মিডিয়ার কো-চেয়ারম্যান তৌহিদা সুলতানা, এম ছাখাওয়াত হোছাইন ও মোহাম্মদ মোবারক হোসেন, স্ট্যান্ডিং কমিটি ফর প্রেস অ্যান্ড মিডিয়ার সদস্য এম মমিনুল ইসলাম সংগ্রাম, শামিমা আলম, সঞ্জয় চক্রবর্তী, শরীফ উদ্দিন আহমেদ, মিজানুর রহমান চৌধুরী এবং মো. আসাদুজ্জামান।