হঠাৎ করে ব্যবসায়ী সম্মেলনের আয়োজন এফবিসিসিআইয়ের, থাকবেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্মার্ট বাংলাদেশ তৈরিতে বেসরকারি খাতের অবদান ও বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে করণীয় বিষয়ে ব্যবসায়ী সম্মেলন আয়োজন করতে যাচ্ছে দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)। জানা গেছে, হঠাৎ সিদ্ধান্তেই এ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।

১৫ জুলাই রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকবেন বলে জানিয়েছে এফবিসিসিআই।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ সোমবার এফবিসিসিআই জানায়, সম্মেলনে দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতে বেসরকারি খাতের গুরুত্ব তুলে ধরা হবে। পাশাপাশি ব্যবসায়ীদের সমস্যার কথাগুলোও প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরা হবে। এ উপলক্ষে গতকাল রোববার সংগঠনের অধিভুক্ত সব চেম্বার ও অ্যাসোসিয়েশন প্রধানদের নিয়ে এক মতবিনিময় সভা করে এফবিসিসিআই। সভায় সভাপতিত্ব করেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন।

এফবিসিসিআইয়ের জ্যেষ্ঠ সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী, সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি মোহাম্মদ আলী, মনোয়ারা হাকিম আলী, বর্তমান সহসভাপতি এম এ মোমেন, আমিনুল হক শামীম, আমিন হেলালী, হাবিব উল্লাহ, এম এ রাজ্জাক, ফরেন ইনভেস্টরস চেম্বারের সভাপতি নাসের এজাজ বিজয়, ঢাকা চেম্বারের সভাপতি সামীর সাত্তার, বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন প্রমুখ গতকালের সভায় উপস্থিত ছিলেন।

সভায় এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় শুরু থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে দেশের বেসরকারি খাত। বর্তমানে দেশের ৮২ শতাংশ ব্যবসা–বাণিজ্য সংগঠিত হয় বেসরকারি খাত থেকে। ইউক্রেন–রাশিয়া যুদ্ধের কারণে বর্তমানে বাংলাদেশসহ সারা বিশ্বের অর্থনীতি কঠিন সময় অতিক্রম করছে। এ পরিস্থিতিতে সরকার ও বেসরকারি খাত একসঙ্গে কাজ করছে। বর্তমান প্রেক্ষাপটে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বেসরকারি খাত কী ধরনের ভূমিকা রাখতে পারে, সেসব বিষয় নিয়ে আগামী সম্মেলনে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হবে বলে জানান মো. জসিম উদ্দিন।

দেশের অর্থনৈতিক সামর্থ্য প্রদর্শন, বাণিজ্য সম্প্রসারণ ও নতুন বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে গত মার্চে তিন দিনের ‘বাংলাদেশ ব্যবসা সম্মেলন’ আয়োজন করেছিল এফবিসিসিআই। সেখানে দেশ–বিদেশের বিভিন্ন ব্যবসায়ী ও বিনিয়োগকারী অংশ নেন।
এ প্রসঙ্গে জসিম উদ্দিন বলেন, গত মার্চে অনুষ্ঠিত ব্যবসা সম্মেলনের প্রাপ্তি নিয়ে আমরা একটি বই বের করছি। ১৫ জুলাই অনুষ্ঠিত ব্যবসায়ী সম্মেলনে প্রধানমন্ত্রীর কাছে বইটি হস্তান্তর করা হবে। বইটিতে ব্যবসা সম্মেলনে অংশ নেওয়া বিশেষজ্ঞদের মতামত রয়েছে। পাশাপাশি সম্মেলনে আলোচনা হওয়া সুপারিশ ও নীতি পরামর্শগুলো সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়েও পৌঁছে দেওয়া হবে বলে জানান তিনি।