আমদানিকারকদের অগ্রিম করের তথ্য সার্ভার থেকে নিতে পারবেন কর কর্মকর্তারা
করদাতাদের আমদানি করা পণ্যের মূল্য ও আমদানিপর্যায়ে অগ্রিম আয়কর পরিশোধের তথ্য স্বয়ংক্রিয়ভাবে অ্যাসাইকুডা সিস্টেমের বিজনেস ইন্টেলিজেন্স সার্ভার থেকে নেওয়ার নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ওই তথ্য দিয়ে ওই করদাতার আয়কর নির্ধারণ করতে হবে।
গতকাল বুধবার এনবিআরের সব কর অঞ্চলের কমিশনারদের এই নির্দেশ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার এনবিআর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এর ফলে কোনো আমদানিকারক আমদানিকালে কত টাকার পণ্য আমদানি করলেন, আমদানিপর্যায়ে কত অগ্রিম আয়কর পরিশোধ করলেন—তা জানতে পারবেন কর কর্মকর্তারা। সেই ভিত্তিতে এই করদাতার আয়কর নির্ধারণ করতে পারবেন তাঁরা।
এনবিআরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নিরীক্ষার জন্য কর মামলা নির্বাচনকালে অথবা আয়কর আইন অনুযায়ী পরিদর্শী যুগ্ম বা অতিরিক্ত কর কমিশনার কর্তৃক কর মামলা পুনঃউন্মোচনের জন্য অনুমোদন প্রদানকালে অথবা পরিদর্শী রেঞ্জ কর্মকর্তা কর্তৃক ত্রুটিপূর্ণ করাদেশ সংশোধনের আদেশ দেওয়ার সময় সার্ভার থেকে তথ্য নেওয়া যাবে। পরিদর্শী রেঞ্জ কর্মকর্তারা অ্যাসাইকুডা সিস্টেম সার্ভার থেকে করদাতা আমদানিকারকের আমদানি পণ্যের মূল্য ও আমদানিপর্যায়ে অগ্রিম আয়কর পরিশোধের প্রকৃত তথ্যাদি সংগ্রহ করে কর নির্ধারণের দায়িত্বে নিয়োজিত সংশ্লিষ্ট সার্কেল কর্মকর্তাকে লিখিতভাবে অবহিত করবেন।
এনবিআর মনে করছে, সার্ভার থেকে তথ্য নিলে বেশ কিছু সুবিধা আছে। এগুলো হলো—আয়কর মামলা নিষ্পত্তিকালে করদাতাদের আমদানি করা পণ্যের পরিমাণ, আমদানি মূল্য ও আমদানিপর্যায়ে সংগৃহীত অগ্রিম আয়করের প্রকৃত তথ্য সিস্টেম থেকে অতি সহজেই যাচাই করা সম্ভব হবে; সম্পূর্ণ স্বচ্ছ ও নির্ভুল প্রক্রিয়ায় আমদানিপর্যায়ে সংগৃহীত অগ্রিম আয়কর ক্রেডিট দেওয়া যাবে; কর ফাঁকি রোধের মাধ্যমে কর আদায় বৃদ্ধি পাবে; আয়কর মামলা নিষ্পত্তি দ্রুততর হবে এবং স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হবে; আয়কর ফেরত প্রক্রিয়া স্বচ্ছ, সহজ ও দ্রুত হবে।