বাজেট: করমুক্ত আয়সীমা বৃদ্ধি ও আরও যেসব প্রস্তাব থাকতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী বাজেটে ব্যক্তিশ্রেণির করমুক্ত আয়সীমা বাড়ানোর চিন্তাভাবনা চলছে। বর্তমানে বার্ষিক আয় তিন লাখ টাকা পর্যন্ত কোনো কর দিতে হয় না। এটি বাড়িয়ে ৩ লাখ ৩০ হাজার টাকা থেকে সাড়ে তিন লাখ টাকা পর্যন্ত করা হতে পারে। উচ্চ মূল্যস্ফীতির চাপে করদাতাদের কিছুটা স্বস্তি দিতে আগামী অর্থবছরের বাজেটে এই ঘোষণা দেওয়া হতে পারে।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এসব তথ্য জানা গেছে। এ নিয়ে এনবিআরের নীতিনির্ধারণী পর্যায়ে বৈঠকে আলোচনাও চলছে।

অবশ্য ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই, গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)–সহ বিভিন্ন ব্যবসায়ী, পেশাজীবী সংগঠন ও গবেষণাপ্রতিষ্ঠানের কাছ থেকে করমুক্ত আয়সীমা বাড়ানোর দাবি জানানো হয়েছে।

এনবিআর সূত্রে জানা গেছে, এখন দেশে ৮৭ লাখের বেশি কর শনাক্তকরণ নম্বরধারী (টিআইএন) আছেন। তাঁদের মধ্যে মাত্র ২৯ লাখের মতো করদাতা প্রতিবছর নিজেদের আয়–ব্যয়ের হিসাব জানিয়ে রিটার্ন জমা দেন। রিটার্ন জমাদানকারীদের মধ্যে ৫-৬ লাখ করদাতা ন্যূনতম কর দেন। সর্বশেষ দুই বছর আগে ন্যূনতম করমুক্ত আয়ের সীমা বাড়ানো হয়েছিল।

এ বিষয়ে এনবিআরের সাবেক সদস্য (আয়কর) আলমগীর হোসেন প্রথম আলোকে বলেন, বর্তমান প্রেক্ষাপট বিবেচনা করে করমুক্ত আয়সীমা বাড়ানোর বিষয়টি বিবেচনা করা যেতে পারে। কারণ, বর্তমানে মূল্যস্ফীতির চাপ আছে। মানুষের প্রকৃত আয় কমেছে। জীবনযাত্রার ব্যয় নির্বাহ করার পর মানুষের হাতে যদি কিছু টাকা থাকে, তাহলেই কর দিতে পারবেন।

এদিকে দুই বছর ধরে প্রতিবছরই করপোরেট কর কমানো হয়েছে। এবার এ কর কমানো না–ও হতে পারে। এনবিআর সূত্রে জানা গেছে, রাজস্ব আদায়ের গতি ধরে রাখার পাশাপাশি বাড়তি কর আদায় মনোযোগী হতে আগামী অর্থবছরে করপোরেট কর না কমানোর চিন্তা চলছে।

সম্প্রতি ঢাকা সফর করা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিনিধি দলও এনবিআর কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে আপাতত করপোরেট কর না কমানোর পরামর্শ দিয়েছে। এনবিআর তাতে সায়ও দিয়েছে বলে দায়িত্বশীল সূত্রে জানা গেছে।

বর্তমানে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির ক্ষেত্রে ২০ শতাংশ এবং শেয়ারবাজারে তালিকাভুক্ত নয় এমন কোম্পানির ক্ষেত্রে সাড়ে ২২ শতাংশ করপোরেট কর রয়েছে। এ ছাড়া ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, তামাকজাতীয় কোম্পানি, মোবাইল ফোন অপারেটর কোম্পানির করপোরেট কর সাড়ে ৩৭ শতাংশ থেকে ৪৫ শতাংশ। করপোরেট কর থেকে প্রায় দুই-তৃতীয়াংশ আয়কর আসে।

আরও যা থাকতে পারে

চলতি অর্থবছরে সাড়ে ৭ শতাংশ কর দিয়ে বিনা প্রশ্নে পাচার করা টাকা ফেরত আনার সুযোগ রয়েছে। আগামী ৩০ জুন এর মেয়াদ শেষ হবে। এনবিআরের দায়িত্বশীল সূত্রগুলো বলছে, এই মেয়াদ বাড়ানো না–ও হতে পারে। আর কালোটাকায় ফ্ল্যাট, বাড়ি, প্লট কেনার সুযোগটিও প্রত্যাহার করা হতে পারে।

এ ছাড়া আগামী ৩০ জুন তথ্যপ্রযুক্তি খাতে কর অবকাশ সুবিধার মেয়াদ শেষ হচ্ছে। এই মেয়াদ ২০২৬ সাল পর্যন্ত বাড়ানো হতে পারে বলে জানা গেছে। চলতি অর্থবছরে এসব নিয়ে এখন এনবিআরের বাজেটসংক্রান্ত বৈঠকে আলোচনা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশ সফর শেষে দেশে ফিরলে বাজেটের প্রস্তাবগুলো নিয়ে বৈঠক হবে। সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে বিভিন্ন বিষয়ে।

জানতে চাইলে এনবিআরের সাবেক সদস্য আলমগীর হোসেন বলেন, ঢালাওভাবে অপ্রদর্শিত আয় ঘোষণার সুযোগ থাকলে অনেকেই অপেক্ষায় থাকেন কখন আবার এমন সুযোগ আসবে। এতে সৎ করদাতাদের প্রতি সুবিচার করা হয় না। তবে যদি কোনো বিশেষ অগ্রাধিকার থাকে, যেমন বিদেশি মুদ্রার সরবরাহ বাড়ানো কিংবা বিশেষ খাতে বিনিয়োগ আকর্ষণ—সে ক্ষেত্রে এই সুযোগ দেওয়া যেতে পারে।

কর আদায়ের বিশাল লক্ষ্য

আগামী অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) ৪ লাখ ৩০ হাজার কোটি টাকার বিশাল লক্ষ্য দেওয়া হচ্ছে। এটি চলতি অর্থবছরের লক্ষ্য থেকে ৬০ হাজার কোটি টাকা বেশি। গত অর্থবছরে শুল্ক-কর আদায়ে ৩০ হাজার কোটি টাকার মতো ঘাটতি হয়েছিল। চলতি বছরেও যদি এমন ঘাটতি হয়, তাহলে আগামী অর্থবছরে প্রায় এক লাখ কোটি টাকার বাড়তি রাজস্ব আদায়ের চাপ থাকবে এনবিআরের ওপর।

বাড়তি এই চাপের অবশ্য কারণ আছে। গত জানুয়ারির শেষে বাংলাদেশের জন্য ৪৭০ কোটি ডলার ঋণ অনুমোদন করে আইএমএফ। অন্যান্য খাতের পাশাপাশি এনবিআরের জন্য সময় ধরে পালনের জন্য বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে। যেমন আগামী অর্থবছরে স্বাভাবিক প্রবৃদ্ধির অতিরিক্ত শুল্ক-কর আদায় করতে হবে। এর পরিমাণ হবে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) দশমিক ৫০ শতাংশ। এ ছাড়া শুল্ক-কর ছাড় যৌক্তিক করার উদ্যোগ নিতে হবে বাংলাদেশকে।

এনবিআর সূত্রে জানা গেছে, শুল্কছাড় যৌক্তিক করা এবং রাজস্ব আদায় বাড়ানোর উপায় খুঁজে বের করতে এনবিআর ও আইএমএফ—উভয় পক্ষের একটি দল বর্তমানে যৌথভাবে কাজ করছে। এনবিআরের আয়কর বিভাগের সদস্য শামসউদ্দীন আহমেদ এ কাজে এনবিআরের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন।

এনবিআর সূত্রে আরও জানা গেছে, গত ৫০ বছরে দুই শর বেশি প্রজ্ঞাপন জারি করে বিভিন্ন ক্ষেত্রে করছাড় দেওয়া হয়েছে। এই প্রজ্ঞাপনগুলো খুঁজে বের করে তা পর্যালোচনা করা হচ্ছে। যেসব করছাড়ের আর প্রয়োজন নেই, সেগুলো বাদ দেওয়া হবে। এ ছাড়া ২০২৪ সালে নতুন আয়কর আইন কার্যকর করার পরিকল্পনা রয়েছে। তখন প্রজ্ঞাপনের মাধ্যমে দেওয়া কর অব্যাহতি বা ছাড়গুলোর মধ্যে কোনটি রাখা হবে, আর কোনটি বাতিল হবে—তা ঠিক করা হবে।

এ বিষয়ে এনবিআরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, এত দিনের জঞ্জাল এক দিনে শেষ হবে না। করছাড় যৌক্তিক করার কাজ আগামী বাজেটের আগে পুরোপুরি সম্ভব না হলেও তার আংশিক প্রতিফলন থাকবে।