সামাজিক সুরক্ষায় বরাদ্দ বাড়ছে ১৩ হাজার কোটি টাকা —দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বণিক বার্তা ও গণতান্ত্রিক বাজেট আন্দোলন (ডিবিএম) যৌথভাবে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান
ছবি: সংগৃহীত

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান বলেছেন, আগামী বাজেটে সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ চলতি অর্থবছরের চেয়ে ১৩ হাজার কোটি টাকা বাড়ছে। পাশাপাশি সুবিধাভোগীর সংখ্যা বাড়বে সাত লাখ। সামাজিক সুরক্ষা খাতে যে বরাদ্দ তা প্রতিবন্ধী, জেলেসহ ১৪৩টি প্রকল্পে খরচ করা হবে। প্রতিমন্ত্রী আজ বুধবার ‘জন–বাজেট সংসদ–২০২৩’ শীর্ষক আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন।

বণিক বার্তা ও গণতান্ত্রিক বাজেট আন্দোলন (ডিবিএম) যৌথভাবে এ আলোচনার আয়োজন করে। আজ সকালে সেন্টার ফর ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট ফর এশিয়া অ্যান্ড প্যাসিফিক (সিরডাপ) মিলনায়তনে আলোচনার প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়।

পল্লী কর্ম–সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রথম কর্ম–অধিবেশনে প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান। এতে সম্মানীয় অতিথি ছিলেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ। স্বাগত বক্তব্য দেন বণিক বার্তার সম্পাদক ও প্রকাশক দেওয়ান হানিফ মাহমুদ। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিবিএমের সাধারণ সম্পাদক মনোয়ার মোস্তফা ও জ্যেষ্ঠ গবেষক মো.শহীদুল্লাহ।

প্রতিমন্ত্রী মো.এনামুর রহমান বলেন, সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ করা অর্থ ব্যয় করা হয় দারিদ্র্যসীমার নিচে থাকা মানুষের মধ্যে। ২০১৫ সালে এ ধরনের কর্মসূচি চালুর পর থেকে দেশের দারিদ্র্য ৪২ শতাংশ থেকে কমে ২০ শতাংশে নেমে এসেছে। আর অতিদারিদ্র্যের হার ২০ শতাংশ থেকে কমে ১০ শতাংশে নেমে এসেছে।

অনুষ্ঠানে কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, বিদেশ থেকে ঋণ নেওয়ার বিষয়ে আমরা এখনো স্বস্তির জায়গায় আছি। আমাদের বৈদেশিক ঋণের পরিমাণ মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ১৪ শতাংশ। আর অভ্যন্তরীণ ঋণের পরিমাণ জিডিপির ২১ শতাংশ। সে হিসাবে সর্বমোট ঋণের পরিমাণ ৩৫ শতাংশ। অথচ  যুক্তরাষ্ট্রের ১১৭ শতাংশ, জাপানে ২০০ শতাংশেরও বেশি। ঠিকমতো ঋণ ব্যবস্থাপনা করতে পারলে কোনো সমস্যা হবে না।

অনুষ্ঠানে মেহের আফরোজ বলেন, সরকার বিভিন্নভাবে মধ্যবিত্তসহ বিভিন্ন শ্রেণির মানুষকে সহযোগিতা করছে। কারও কারও ক্ষেত্রে এই পরিমাণ হয়তো কম, তবে নিয়মিত অর্থ বাড়ছে।

বণিক বার্তা সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ বলেন, সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, বাজেটে সামাজিক সুরক্ষায় সবচেয়ে বেশি প্রায় ১৭ শতাংশ বরাদ্দ দেওয়া হচ্ছে। তবে বরাদ্দ করা এই অর্থ নিয়ে ইতিমধ্যে কিছু প্রশ্ন উঠেছে। সামাজিক সুরক্ষায় পেনশন ও অন্যান্য অনেক অর্থ যুক্ত করে এই হিসাব দেওয়া হয়। যেগুলো নিয়ে আইএমএফ (আন্তর্জাতিক মুদ্রা তহবিল) এরই মধ্যে আপত্তি তুলেছে।

আলোচনায় অংশ নিয়ে দেশের বিভিন্ন জেলা থেকে আসা প্রতিনিধিরা তাঁদের সমস্যার কথা তুলে ধরেন। তারা রামপাল বিদ্যুৎকেন্দ্রের জন্য সবুজ কমে যাওয়া, উপকূলীয় এলাকায় লবণাক্ত পানির কারণে ধান চাষ করতে না পারার মতো সমস্যাগুলো তুলে ধরেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এনবিআরের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ, ইউএনডিপির অ্যাসিস্ট্যান্ট রিপ্রেজেনটেটিভ আনোয়ারুল হক, ইউরোপিয়ান ইউনিয়নের খাদ্য ও পুষ্টি নিরাপত্তাবিষয়ক প্রোগ্রাম ম্যানেজার মার্গারিটা ক্যাপালবি।

দ্বিতীয় অধিবেশন

দ্বিতীয় অধিবেশনে সঞ্চালনার দায়িত্বে ছিলেন প্রাণের নির্বাহী পরিচালক নুরুল আলম। ওই অধিবেশনে প্রধান অতিথি ছিলেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক সংসদীয় কমিটির চেয়ারম্যান সাবের হোসেন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ক্লাইমেট পার্লামেন্ট বাংলাদেশের আহ্বায়ক নাহিম রাজ্জাক, সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারী, একশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির, ব্রাইট গ্রিন এনার্জি ফাউন্ডেশনের চেয়ারম্যান দীপাল বড়ুয়া, সানেমের নির্বাহী পরিচালক সেলিম রায়হান প্রমুখ।

অনুষ্ঠানে সাবের হোসেন চৌধুরী বলেন, ‘তিন বছর আগে আমরা গ্রিন বাজেট করার সুপারিশ করেছিলাম। গ্রিনের যে বিষয়টা আছে, সেটা বিচ্ছিন্নভাবে নানা প্রস্তাবে আসছে। কিন্তু সামগ্রিকভাবে যদি আমাদের চিন্তায় গ্রিনের বিষয়টি না থাকে, তাহলে ক্ষুদ্র ও বিচ্ছিন্ন প্রস্তাব দিয়ে সবুজ অর্থনীতির দিকে এগোতে পারব না।’