রেকর্ড বিক্রি, তবু চাহিদার তুলনায় অপ্রতুল

সুবিধাভোগী বাড়ায় টিসিবির পণ্য বিক্রিতে রেকর্ড হয়েছে। তবে মানুষের চাহিদা আরও বেশি। নিত্যপণ্যের বাজারে এখনো বড় সুখবর নেই।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বসিলা এলাকার বাসিন্দা শম্পা মধু। ইলেকট্রিশিয়ান স্বামী আর দুই সন্তানসহ চার সদস্যের পরিবারে বাজার থেকে শুরু করে রান্নার ঝামেলা তিনিই সামলান। পরিবারের আয় সীমিত। তাতে সংসারে অভাব–অনটন লেগেই থাকে। গত বছর শম্পা মধু ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পরিবার কার্ড পেয়েছেন। এই কার্ডের মাধ্যমে তিনি প্রতি মাসে নিত্যপণ্যের কয়েকটি পদ সাশ্রয়ী দামে কিনতে পারেন। তবে তা প্রয়োজনের তুলনায় খুবই কম বলে দাবি তাঁর।

শম্পা মধু প্রথম আলোকে বলেন, ‘টিসিবির দুই কেজি ডাল দিয়ে মাস চলে যায়। তবে দুই লিটার সয়াবিনে অর্ধেক মাসও যায় না। তাই মাসের বাকি সময়ের জন্য বাড়তি দামে বাজার থেকে তেল কিনতে হয়। চিনির ক্ষেত্রেও একই অবস্থা। এক কেজি চিনিতে ১০ দিন চলে। মাস চালাতে আরও দুই কেজি চিনি বাজার থেকে কিনতে হয়। তাই মাসে একাধিকবার টিসিবির পণ্য পেলে সংসার খরচের চাপ আরও কিছুটা কমত।’

টিসিবি ভর্তুকি মূল্যে যে কয়েকটি পণ্য দেয়, তার মধ্যে সয়াবিন, চিনি ও মসুর ডাল ছাড়াও থাকে পেঁয়াজ। এ ছাড়া রোজার মাসে ছোলা ও খেজুর বিক্রি করা হয়। গত বছর থেকে দেশের এক কোটি পরিবারের কাছে কার্ডের মাধ্যমে সাশ্রয়ী দামে সরকারের পক্ষে পণ্য বিক্রি করছে টিসিবি।

আগে যে পরিমাণ মানুষকে পণ্য দেওয়া হতো, এখন তা দ্বিগুণের বেশি। কর্মপরিধির বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্রতিষ্ঠানটির জনবলসহ অবকাঠামো আরও শক্তিশালী হওয়া প্রয়োজন বলে মনে করেন তিনি।
আরিফুল হাসান, টিসিবির চেয়ারম্যান
২০২২ সালে বছরজুড়েই ছিল উচ্চ মূল্যস্ফীতি। সে জন্য টিসিবির পণ্য বিক্রয়কেন্দ্রে মানুষের ভিড়ও ছিল। রংপুরের রাধাবল্লভ এলাকায় গত ডিসেম্বর মাসে
ছবি: মঈনুল ইসলাম

তারই অংশ হিসেবে ২০২২–২৩ অর্থবছরের প্রথম ৬ মাসে রেকর্ড পরিমাণ পণ্য বিক্রি করেছে সংস্থাটি। এরপরও শম্পা মধুর পরিবারের মতো টিসিবির সুবিধাভোগী অনেক পরিবারের বাজার থেকে বাড়তি দামে পণ্য কিনতে হয়।

টিসিবির তথ্য অনুযায়ী, গত বছরের জুলাই থেকে ডিসেম্বর (চলতি অর্থবছরের প্রথম ছয় মাস) পর্যন্ত টিসিবি সয়াবিন তেল বিক্রি করেছে ৯৪ হাজার ৪৭১ টন। মসুর ডাল বিক্রি করেছে ৯৩ হাজার ১৩০ টন। সংস্থাটি গত ছয় মাসে এ দুটি পণ্য যে পরিমাণে বিক্রি করেছে, গত তিন অর্থবছরের মধ্যে প্রতিবছরে বিক্রি হওয়া পণ্যের চেয়ে তা বেশি।

গত ২০২১-২২ অর্থবছরের ১২ মাসে টিসিবি মসুর ডাল বিক্রি করেছিল ৬৮ হাজার ৬৭ টন। সেই তুলনায় চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে গত বছরের তুলনায় ২৫ হাজার ৬৩ টন বেশি মসুর ডাল বিক্রি হয়েছে। সয়াবিন তেলের ক্ষেত্রেও পার্থক্যটা এমনই। গত অর্থবছরের তুলনায় গত জুলাই–ডিসেম্বরে ২৪ হাজার ৬১০ টন বেশি সয়াবিন তেল বিক্রি করেছে টিসিবি।

এদিকে গত জুলাই–ডিসেম্বরে টিসিবির চিনি বিক্রি গত অর্থবছরের হিসাবকে অতিক্রম না করলেও অর্থবছর শেষে তা আগের বছরকে ছাড়িয়ে যাবে। গত ৬ মাসে ৪৫ হাজার ৮০৯ টন চিনি বিক্রি করেছে সংস্থাটি। গত অর্থবছরের পুরো সময়ে চিনি বিক্রির পরিমাণ ছিল ৬২ হাজার ৯৬২ টন। 

ডাল, তেল, চিনি বেশি বিক্রি হলেও পেঁয়াজ বিক্রিতে পিছিয়ে আছে টিসিবি। গত জুলাই–ডিসেম্বরে টিসিবি পেঁয়াজ বিক্রি করেছে মাত্র ৯ হাজার ৩২৯ টন। বাজারে পেঁয়াজের দাম স্থিতিশীল থাকায় ও এ পণ্যটি পচনশীল হওয়ায় গ্রাহকেরা টিসিবির কাছ থেকে পেঁয়াজ কম কিনেছে।

বর্তমানে প্রতি মাসে একবার করে কার্ডধারীদের কাছে সাশ্রয়ী দামে পণ্য বিক্রি করে টিসিবি। তবে রোজার মাসে দুইবার সাশ্রয়ী দামে পণ্য বিক্রি করা হয়। টিসিবি বছরজুড়ে পণ্য বিক্রি করলেও তা চাহিদার তুলনায় খুবই কম। দেশে প্রতিবছর সয়াবিন তেলের চাহিদা প্রায় ১১ থেকে ১২ লাখ টন। সেখানে গত অর্থবছরে টিসিবি বিক্রি করেছে মাত্র ৭০ হাজার টন সয়াবিন তেল, যা বার্ষিক চাহিদার ১০ ভাগের ১ ভাগেরও কম। একইভাবে মসুর ডালের বার্ষিক চাহিদা প্রায় ৬ লাখ ৭৫ হাজার টন। সেখানে টিসিবি গত ছয় মাসে বিক্রি করেছে লাখ টনেরও কম। আর চিনির বার্ষিক চাহিদা প্রায় ২৪ লাখ টন, ছোলা প্রায় সাড়ে ৩ লাখ টন ও খেজুর আনুমানিক ৯৫ হাজার টন। টিসিবি এসব পণ্য যে পরিমাণে বিক্রি করে, তা সামগ্রিক চাহিদার তুলনায় বেশ কম। তাই টিসিবি সাশ্রয়ী দামে এসব পণ্য বিক্রি করলেও বাজারে তা বড় ধরনের প্রভাব ফেলতে পারে না। এ কারণে টিসিবিকে আরও বেশি সক্রিয় ও শক্তিশালী করার দাবি বহুদিনের। 

জানতে চাইলে টিসিবির চেয়ারম্যান মো. আরিফুল হাসান প্রথম আলোকে বলেন, ‘গত বছর নিত্যপণ্যের বাজার অস্থির থাকায় আমাদের কার্যক্রম বাড়াতে হয়েছে। সরকারের সিদ্ধান্তে এখন এক কোটি মানুষের কাছে পণ্য বিক্রি করা হচ্ছে। নতুন বছরে বাজার পরিস্থিতি বিবেচনায় নতুন করে সিদ্ধান্ত নেওয়া হবে। সাধারণত বাজারে কোনো পণ্যের দাম অস্বাভাবিক বেড়ে গেলে সেই পণ্য বিক্রির উদ্যোগ নেয় টিসিবি।’

বেসরকারি সংগঠন পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি) এবং ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স স্টাডিজের (বিআইজিডি) সাম্প্রতিক এক গবেষণায় বলা হয়, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়ায় দেশে ২১ লাখ মানুষ নতুন করে গরিব হয়েছে। করোনাকালে তিন কোটির বেশি মানুষ নতুন করে দরিদ্র সীমার নিচে নেমে যায়। করোনার প্রকোপ কমে আসায় এ পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও সাম্প্রতিক সময়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আবার বিপুল সংখ্যক মানুষ জীবনযাত্রার ব্যয় সামাল দিতে হিমশিম খাচ্ছে। 

তাই সাম্প্রতিক সময়ে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় খোলাবাজারে পণ্য বিক্রির (ওএমএস) লাইনে চাল ও আটা কেনার জন্য মানুষের সারি বাড়ছে। এ জন্য সরকারিভাবে ওএমএসের পরিসরও বাড়ানো হয়েছে।

রাজধানী ঢাকায় নতুন করে আরও ২০টি স্থানে ওএমএসের চাল ও আটা বিক্রি করা হচ্ছে। মূলত, নিম্নবিত্তের জন্য এসব পণ্য বাজারমূল্যের চেয়ে কম দামে বিক্রি করা হয়ে থাকে। এ অবস্থায় টিসিবির মাধ্যমে পণ্য বিক্রি আরও বাড়ানোর বিষয়টিও নতুন করে আলোচনায় উঠে এসেছে। 

এ ব্যাপারে টিসিবির চেয়ারম্যান আরিফুল হাসান প্রথম আলোকে বলেন, আগে যে পরিমাণ মানুষকে পণ্য দেওয়া হতো, এখন তা দ্বিগুণের বেশি। কর্মপরিধির বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্রতিষ্ঠানটির জনবলসহ অবকাঠামো আরও শক্তিশালী হওয়া প্রয়োজন বলে মনে করেন তিনি।