বেপরোয়াভাবে শুল্ক–কর আদায় করা হতে পারে, অ্যামচেমের বাজেট আলোচনায় বক্তারা

আজ সোমবার আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম) বাজেট আলোচনার আয়োজন করে। বনানীর হোটেল শেরাটনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির নতুন সভাপতি সৈয়দ মোহাম্মদ কামাল। এতে অ্যামচেম সদস্য ছাড়াও অর্থনীতিবিদেরা উপস্থিত ছিলেনছবি: প্রথম আলো

আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে রাজস্ব আদায়ের সুনির্দিষ্ট নির্দেশনা নেই। আবার ছয় লাখ কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা বাস্তবসম্মতও নয়। রাজস্ব লক্ষ্য অর্জনে বেপরোয়াভাবে শুল্ক-কর আদায় করা হতে পারে।

আজ সোমবার আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম) আয়োজিত বাজেট আলোচনায় এ কথা বলেন আলোচকেরা।

বনানীর হোটেল শেরাটনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির নতুন সভাপতি সৈয়দ মোহাম্মদ কামাল। এতে অ্যামচেম সদস্য ছাড়াও অর্থনীতিবিদেরা উপস্থিত ছিলেন।

সভায় মূল প্রবন্ধ তুলে ধরেন পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান এম মাসরুর রিয়াজ। তিনি বলেন, রাজস্ব আদায়ের অবাস্তব লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে। এটা আদায় করতে গিয়ে বেপরোয়া পদক্ষেপ নেওয়া হতে পারে।

ব্যয়ের বিষয়ে মাসরুর রিয়াজ বলেন, বাজেটের ৪১ শতাংশ চলে যাবে বেতন–ভাতা, পেনশন, ভর্তুকি ও সুদ পরিশোধে। আবার উন্নয়ন বরাদ্দের একটা বড় অংশ থোক হিসেবে রাখা হয়েছে। থোক বরাদ্দ খরচে স্বচ্ছতার অভাব থাকে।

প্যানেল আলোচনায় বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, বাজেটের আকার নিয়ে কথা হচ্ছে। নতুন সরকারের জনগণের প্রতি অনেক প্রতিশ্রুতি আছে। তাই এটি সম্প্রসারণমূলক বাজেট। কিন্তু অর্থায়ন একটি বড় চ্যালেঞ্জ।

আরেক প্যানেল আলোচক ছিলেন প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী। তিনি বলেন, ‘বাজেটে ব্যবসা সহজ করার কথা ছিল। তবে তা পুরোপুরি পূরণ হয়নি। দক্ষ মানবসম্পদ তৈরিতে আরও মনোযোগ দেওয়ার দরকার। কৃষিতে সেভাবে বরাদ্দ বাড়েনি। তবে বর্তমান সরকার আগের যেকোনো সরকার থেকে আমাদের কথা বেশি শুনেছে।’

প্যানেল আলোচনায় স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের (এসসিবি) সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নাসের এজাজ বিজয় বলেন, কীভাবে রাজস্ব আদায় হবে, সেটি বাজেট কাঠামোতে নেই। ব্যাংকের একটি বড় অংশ দুর্বল অবস্থায় আছে। তারল্যসংকট রয়েছে। তাই ব্যাংকঋণনির্ভরতা বাড়লে বেসরকারি খাতে ঋণের সংকট হতে পারে।

প্যানেল আলোচনা সঞ্চালনা করেন সংগঠনটির সহসভাপতি মেটলাইফ বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আলা উদ্দিন আহমদ।

সমাপনী বক্তব্য দেন অ্যামচেমের কোষাধ্যক্ষ ফিলিপ মরিস ইন্টারন্যাশনাল বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রেজা উর রহমান মাহমুদ। তিনি জানান, এবারের বাজেটে অ্যামচেমের ১৮ প্রস্তাবের মধ্যে ৮ প্রস্তাব গ্রহণ করা হয়েছে।