বাংলাদেশের নতুন আমদানি নীতি নিয়ে আগ্রহী যুক্তরাষ্ট্র
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য সংলাপ জোরদারের অংশ হিসেবে অফিস অব দ্য ইউনাইটেড স্টেটস ট্রেড রিপ্রেজেনটেটিভের (ইউএসটিআর) দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী ব্রেন্ডান লিঞ্চ শিগগিরই বাংলাদেশ সফরে আসছেন। বাংলাদেশের নতুন আমদানি নীতি আদেশ সম্পর্কেও জানতে আগ্রহী ব্রেন্ডান লিঞ্চ।
ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন আজ মঙ্গলবার বাণিজমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদিরের সঙ্গে বৈঠক করেন। বাণিজ্য মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে ব্রেন্ট টি ক্রিস্টেনসেনের উদ্বৃতি দিয়ে বাণিজ্য সহকারীর বাংলাদেশ সফরের কথা জানানো হয়। বাণিজ্য মন্ত্রণালয়ে এ বৈঠক হয়।
এ বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারের বিভিন্ন দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির বলেন, নতুন আমদানি নীতি আদেশ প্রণয়নে বাণিজ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো কাজ করছে। তিনি আশা প্রকাশ করেন, খুব শিগগিরই আমদানি নীতি আদেশ ২০২৬–এর খসড়া ব্যবসায়ী মহলের মতামতের জন্য পাঠানো হবে।
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন বলেন, প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের নেতৃত্বে সংসদীয় কার্যক্রম সুষ্ঠু ও কার্যকরভাবে পরিচালিত হচ্ছে, যা গণতন্ত্র চর্চার একটি ইতিবাচক দৃষ্টান্ত। তিনি উল্লেখ করেন, দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ উভয় দেশের জন্যই কল্যাণকর হবে।
বৈঠকে উভয় পক্ষই বাণিজ্য, বিনিয়োগ ও নীতিগত সহযোগিতা আরও সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন।
বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. আবদুর রহিম খান এবং বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্র দূতাবাসের পলিটিক্যাল ইকোনমিক কাউন্সিলর মি. এরিক গিলান এ সময় উপস্থিত ছিলেন।