চলতি ২০২৩-২৪ অর্থবছরের জন্য মোট দেশজ উৎপাদন বা জিডিপির ৬ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস অপরিবর্তিত রেখেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। গত এপ্রিলে প্রকাশিত আউটলুকেও এডিপি সাড়ে ৬ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করেছিল।
এ ছাড়া বিদায়ী ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশের অর্থনীতি ভালো করেছে বলেও মন্তব্য করেছে এডিবি। সংস্থাটির পূর্বাভাস ছিল, সদ্য বিদায়ী ২০২২-২৩ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হবে ৬ শতাংশ। কিন্তু এখন প্রাথমিক হিসাবে এডিবি মনে করছে, পূর্বাভাসের চেয়ে বাংলাদেশের প্রবৃদ্ধি বেশি হবে গত অর্থবছরে।
এডিবি গতকাল বুধবার তাদের এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক (এডিবি) জুলাই ২০২৩ প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনটিতে সংস্থাটি বলেছে, গত অর্থবছরে বাংলাদেশের রপ্তানি যে হারে কমার আশঙ্কা করা হয়েছিল, সেই হারে কমেনি। সেই সঙ্গে প্রত্যাশা অনুযায়ী পণ্য আমদানিও কমেছে।
এডিবির প্রতিবেদনে বলা হয়েছে, বিদায়ী অর্থবছরে বাংলাদেশের উৎপাদন খাতের ভালো ভূমিকা ছিল। ছোট-বড় সব ধরনের উৎপাদনমুখী কারখানা সরকারি নীতি সুবিধা নিয়ে প্রবৃদ্ধিতে ভূমিকা পালন করেছে। সেবা খাতও ছিল চাঙা। এ ছাড়া বন্যা, সাইক্লোন ও খরার কারণে যে ফসলহানি হয়েছে, তা ভর্তুকি, প্রণোদনা ও অন্য ব্যবস্থার কারণে কিছুটা প্রশমন করা গেছে। এ ছাড়া মানুষের ভোগব্যয়ও বেড়েছে, সেই সঙ্গে সরকারি বিনিয়োগও বেড়েছে। সব মিলিয়ে তাই এডিবি মনে করছে, বিদায়ী অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধির হার পূর্বাভাসকে ছাড়িয়ে যাবে।
এদিকে অভ্যন্তরীণ চাহিদা ও বিনিয়োগ বৃদ্ধি পাওয়ায় এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উন্নয়নশীল অর্থনীতির জন্য চলতি বছর ৪ দশমিক ৮ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাসও অপরিবর্তিত রেখেছে এডিবি। যদিও আগামী বছরের জন্য প্রবৃদ্ধি নির্ধারণ করা হয়েছে ৪ দশমিক ৮ শতাংশ, যা গত এপ্রিলের পূর্বাভাসের চেয়ে ১ শতাংশীয় পয়েন্ট কম।
জ্বালানি ও খাদ্যদ্রব্যের দাম কমে যাওয়ায় এশিয়ার উন্নয়নশীল অর্থনীতির দেশগুলোতে মূল্যস্ফীতি ধারাবাহিকভাবে কমবে এমন পূর্বাভাস দিয়েছে এডিবি। প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর মূল্যস্ফীতি কমে ৩ দশমিক ৬ শতাংশ হবে। গত এপ্রিলে ৪ দশমিক ২ শতাংশ মূল্যস্ফীতির পূর্বাভাস দেওয়া হয়েছিল। এ ছাড়া আগামী বছর মূল্যস্ফীতি কমে ৩ দশমিক ৪ শতাংশ হতে পারে। গত এপ্রিলে পূর্বাভাস দেওয়া হয়েছিল, আগামী বছর মূল্যস্ফীতি হবে ৩ দশমিক ৩ শতাংশ।
অবশ্য চলতি বছর বাংলাদেশে মূল্যস্ফীতি বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে এডিবি। তবে মূল্যস্ফীতি বেড়ে কত হবে, সেটি বলেনি সংস্থাটি। যদিও ভারতে মূল্যস্ফীতি কিছুটা কমবে বলে ইঙ্গিত দিয়েছে সংস্থাটি। গত এপ্রিলে বলা হয়েছিল, চলতি বছর ভারতে মূল্যস্ফীতি হবে ৫ শতাংশ। এখন বলা হয়েছে, মূল্যস্ফীতি কমে ৪ দশমিক ৯ শতাংশ হতে পারে।