আইএমএফ ঋণের কিস্তি ছাড় নিয়ে সিদ্ধান্ত নেয়নি: ওয়াশিংটন দূতাবাসের প্রেস উইং
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের পরবর্তী কিস্তি ছাড়ের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস উইং। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আইএমএফ এমন কোনো সিদ্ধান্ত নেয়নি।
এমনকি আইএমএফের সঙ্গে ১৬ এপ্রিল, বৃহস্পতিবার বাংলাদেশের বৈঠক হয়নি, বৈঠক হয়েছে গতকাল শুক্রবার। শুক্রবারের বৈঠকে এমন কোনো আলোচনা বা সিদ্ধান্ত হয়নি। খবর বিজ্ঞপ্তি
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিশ্বব্যাংক-আইএমএফের বসন্তকালীন বৈঠকের ফাঁকে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল আইএমএফের সঙ্গে দুই দফা বৈঠক করেছে। সকালে আইএমএফের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন এবং বিকেলে আইএমএফের উপব্যবস্থাপনা পরিচালক নাইজেল ক্লার্কের সঙ্গে বৈঠক করেন অর্থমন্ত্রী।
বৈঠকে অর্থ ও পরিকল্পনামন্ত্রী বিএনপি সরকারের রাষ্ট্র পরিচালনার দৃষ্টিভঙ্গি ও নির্বাচনী প্রতিশ্রুতির বিষয়গুলো তুলে ধরেন। রাজস্ব আয় বৃদ্ধি ও ব্যাংক-আর্থিক খাতে সংস্কার নিয়ে আলোচনা হয়েছে। অধিকাংশ বিষয়ে দুই পক্ষ একমত হয়েছে।
কিছু বিষয় নিয়ে আরও আলোচনা করতে হবে, এ বিষয়ে উভয় পক্ষই একমত হয়েছে। বিশেষ করে জনগণের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সরকারের দৃঢ় অবস্থানের বিষয়টি তুলে ধরেছেন অর্থমন্ত্রী। কিছু ক্ষেত্রে দুই পক্ষ একমত হয়নি।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, যে বিষয়ে দুই পক্ষই একমত হয়েছে, তা হলো আলোচনা চলমান থাকবে এবং আলোচনার মধ্য দিয়ে সব বিষয়ে একমত হওয়া সম্ভব। আইএমএফ পরিষ্কারভাবে বলেছে, তারা বাংলাদেশের উন্নয়ন অংশীদার। গণতান্ত্রিকভাবে নির্বাচিত বর্তমান সরকারের মেয়াদে উন্নয়নের অংশীজন হয়েই আইএমএফ বাংলাদেশের পাশে থাকতে চায়।