ফেব্রুয়ারি মাসে বেড়েছে অর্থনীতির গতি, পিএমআই সূচক ৫৫.৭

পিএমআই সূচকের গ্রাফিক চিত্রপ্রথম আলো

ফেব্রুয়ারি মাসে দেশে অর্থনৈতিক সম্প্রসারণের গতি বেড়েছে। অর্থনীতির মূল চারটি খাতের মধ্যে তিনটি খাতেরই সম্প্রসারণের গতি বেড়েছে। কেবল নির্মাণ খাতের গতি কমেছে। এই খাতের গতি কমেছে তা–ই নয়; বরং গত মাসে নির্মাণ খাতের সংকোচন হয়েছে।

ফেব্রুয়ারি মাসে দেশের পিএমআই বা পারচেজিং ম্যানেজার্স ইনডেক্স সূচকের মান ছিল ৫৫ দশমিক ৭। জানুয়ারি মাসে যা ছিল ৫৩ দশমিক ৯। অর্থাৎ দেখা যাচ্ছে, গত মাসে এই সূচকের মান বেড়েছে ১ দশমিক ৮ পয়েন্ট।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কৃষি খাত টানা ষষ্ঠ মাসের মতো সম্প্রসারণের ধারায় আছে। ফেব্রুয়ারি মাসে এই খাতে প্রবৃদ্ধির গতি অনেকটাই বেড়েছে। জানুয়ারি মাসে এই সূচকের মান ছিল ৫৩। ফেব্রুয়ারি মাসে তা বেড়ে হয়েছে ৬৪ দশমিক ৫। নতুন ব্যবসা ও ব্যবসায়িক কার্যক্রমের সূচক দ্রুতহারে বেড়েছে। তবে কৃষি খাতের কর্মসংস্থান সূচক সংকোচনের মধ্যেই আছে। শুধু তা–ই নয়, এ ক্ষেত্রে পতনের গতি আগের তুলনায় বেশি।

দেশের উৎপাদন খাত ১৮তম মাসের মতো সম্প্রসারণের ধারায় আছে। গত মাসে প্রবৃদ্ধির গতি আরও বেড়েছে। নতুন কার্যাদেশ, কারখানার উৎপাদন, আমদানি, উৎপাদন উপকরণের দাম ও সরবরাহকারীদের সরবরাহসহ গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি উপসূচকের সম্প্রসারণ অব্যাহত আছে।

তবে নতুন রপ্তানি, উৎপাদিত পণ্য ও কর্মসংস্থানের মতো উপসূচক এখনো সংকোচনের ধারায় আছে। উৎপাদন উপকরণ ক্রয়ের সূচক আবারও সম্প্রসারণের ধারায় ফিরেছে। অমীমাংসিত কার্যাদেশের উপসূচক আবার সংকুচিত হয়েছে।

এদিকে জানুয়ারি মাসে নির্মাণ খাতের সম্প্রসারণ হলেও গত মাসে আবার সংকুচিত হয়েছে। নতুন ব্যবসা, কর্মসংস্থান ও অমীমাংসিত কার্যাদেশের মতো উপসূচকের সংকোচন হয়েছে। তবে নির্মাণ কার্যক্রম ও উৎপাদন উপকরণের ব্যয় উপসূচকে সম্প্রসারণ অব্যাহত আছে।

সেবা খাত টানা ১৭তম মাসের মতো সম্প্রসারণে আছে। ফেব্রুয়ারি মাসে প্রবৃদ্ধির গতি আরও বেড়েছে। নতুন ব্যবসা, ব্যবসায়িক কার্যক্রম, কর্মসংস্থান, উৎপাদন উপকরণের ব্যয় ও অমীমাংসিত কার্যাদেশ—সব কটি উপসূচকেই সম্প্রসারণের ধারা দেখা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভবিষ্যৎ ব্যবসায়িক প্রত্যাশা ইতিবাচক। ভবিষ্যৎ ব্যবসা সূচক অনুযায়ী কৃষি, উৎপাদন, নির্মাণ ও সেবা—এই চারটি প্রধান খাতেই সম্প্রসারণ অব্যাহত থাকার ইঙ্গিত পাওয়া গেছে। বোঝা যাচ্ছে, ব্যবসায়িক আস্থা ধারাবাহিকভাবে বাড়ছে।

পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী এম মাসরুর রিয়াজ বলেন, মৌসুমি কারণে সামান্য অর্থনৈতিক কার্যক্রমের গতি কিছুটা বেড়েছে। রমজান সামনে রেখে ভোগব্যয় বেড়ে যাওয়ায় কৃষি ও সেবা খাতে চাহিদা বেড়েছে। সামগ্রিক অর্থনৈতিক কার্যক্রমেও তার প্রতিফলন দেখা যাচ্ছে।

এম মাসরুর রিয়াজ আরও বলেন, ভবিষ্যৎ ব্যবসা সূচকে দেখা যাচ্ছে, ধারাবাহিক সম্প্রসারণের সম্ভাবনা আছে। তবে মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনা বৈশ্বিক অর্থনীতির মতো আমাদের প্রবৃদ্ধিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

ব্যবসায়ী ও উদ্যোক্তাদের সংগঠন মেট্রোপলিটন চেম্বার অব কমার্স (এমসিসিআই) ও গবেষণাপ্রতিষ্ঠান পলিসি এক্সচেঞ্জ অব বাংলাদেশ যৌথভাবে পিএমআই প্রণয়ন করে থাকে। আজ রোববার ফেব্রুয়ারি মাসের পিএমআই প্রকাশ করা হয়েছে।