টেস্টিং ল্যাব স্থাপনে জাইকার সহযোগিতা চায় এফবিসিসিআই
দেশের সব ধরনের বন্দরে খাদ্যপণ্যের টেস্টিং ল্যাব স্থাপনে জাপানি অর্থসহায়তা সংস্থা জাইকার সহযোগিতা চেয়েছে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই কার্যালয়ে জাইকা ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে এই সহযোগিতা চেয়েছে এফবিসিসিআই। এ সময় এফবিসিসিআইয়ের জ্যেষ্ঠ সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী, সহসভাপতি মো. আমিন হেলালী, জাইকার প্রধান কার্যালয়ের প্রতিনিধি তেরুয়াকি ফুজি প্রমুখ উপস্থিত ছিলেন।
নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করতে গত বছরের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জাইকার মধ্যে চুক্তি হয়। এই চুক্তি অনুসারে, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে নিয়োজিত সরকারি কর্মীদের দক্ষতা, কারিগরি জ্ঞান ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সহায়তা দিচ্ছে জাইকা।
এখন খাদ্যপণ্য আমদানি-রপ্তানির ক্ষেত্রেও নিরাপত্তা নিশ্চিত করতে দেশের সব স্থল, সমুদ্র ও আন্তর্জাতিক বিমানবন্দরে বিশ্বমানের টেস্টিং ল্যাব স্থাপনের দাবি জানিয়েছে এফবিসিসিআই। এ কাজে জাইকার কারিগরি ও আর্থিক সহায়তা চেয়েছে তারা।
বৈঠকে মোস্তফা আজাদ চৌধুরী বলেন, ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোয় বাংলাদেশি খাদ্যপণ্যের ব্যাপক চাহিদা আছে। স্থলবন্দরে স্বীকৃত মানের ল্যাব–সুবিধা থাকলে এসব রাজ্যে কৃষি ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্য রপ্তানি সহজ হবে। বিমান ও সমুদ্রবন্দরে ল্যাব–সুবিধা থাকলে প্রক্রিয়াজাত খাদ্য ও কৃষিপণ্যের বিশ্ববাজার ধরতে পারবে বাংলাদেশ। তাই এ–সংক্রান্ত প্রকল্প গ্রহণের পরামর্শ দেন তিনি।
জাইকার প্রতিনিধি তেরুয়াকি ফুজি বলেন, বাংলাদেশে টেকসই খাদ্যনিরাপত্তার জন্য নিরাপদ খাবারের জোগান নিশ্চিত করা জরুরি। এ ক্ষেত্রে জাইকার প্রকল্প দেশের খাদ্য প্রক্রিয়াজাত শিল্পের বিকাশে সহায়তা করবে।
এফবিসিসিআই সহসভাপতি মো. আমিন হেলালী বলেন, সংরক্ষণ ও সরবরাহ খাতে দুর্বলতার কারণে উৎপাদিত কৃষিপণ্যের বড় অংশ নষ্ট হয়ে যায়। স্থানীয় পর্যায়ে রক্ষণাবেক্ষণসুবিধা না থাকায় কৃষকেরাও ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হচ্ছেন। তাই উপজেলা পর্যায়ে খাদ্য প্রক্রিয়াজাত ও সংরক্ষণসুবিধা সম্প্রসারণের পরামর্শ দেন আমিন হেলালী।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে এফবিসিসিআইয়ের মহাসচিব মোহাম্মদ মাহফুজুল হক, পরিচালক মোহাম্মদ আনোয়ার সাদাত, মো. রেজাউল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।