বাংলাদেশকে ৬২ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, জলবায়ু রক্ষা ও বিআরটি প্রকল্পে ৬২ কোটি ৮০ লাখ ডলারের ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এ নিয়ে সরকারের সঙ্গে এডিবির তিনটি ঋণ চুক্তি হয়েছে। সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শরিফা খান এবং এডিবির এদেশীয় উপপ্রধান জিয়াংবো নিং গতকাল সোমবার এসব চুক্তিতে সই করেন।

এডিবির এই ঋণের একটি অংশ ২৭ কোটি ৭৮ লাখ মার্কিন ডলার তৃতীয় সরকারি-বেসরকারি অবকাঠামো উন্নয়ন প্রকল্পের জন্য দেওয়া হবে। বৃহত্তর ঢাকা টেকসই নগর যাতায়াত প্রকল্পের (বিআরটি-গাজীপুর) জন্য অতিরিক্ত ১০ কোটি ডলার ও উপকূলীয় শহর জলবায়ু সহনশীলতা প্রকল্পের জন্য ২৪ কোটি ৬০ লাখ ডলার ঋণ দেবে এডিবি। এ ছাড়া উপকূলীয় শহর জলবায়ু সহনশীলতা প্রকল্পের জন্য ৪০ লাখ ডলার অনুদান দেবে তারা।

তৃতীয় সরকারি-বেসরকারি অবকাঠামো উন্নয়ন প্রকল্প
সরকারের লক্ষ্যমাত্রা অনুযায়ী ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ হতে গেলে ২০৩১ থেকে ২০৪১ সাল পর্যন্ত ১০ দশমিক ২ শতাংশ হারে জিডিপি প্রবৃদ্ধি করতে হবে। আর সে জন্য দরকার অবকাঠামো খাতে বিপুল বিনিয়োগ, যা সরকারের একার পক্ষে করা সম্ভব নয়। সে জন্য এডিবি দীর্ঘ মেয়াদে অবকাঠামো উন্নয়নে ঋণ দিচ্ছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। এ ছাড়া নবায়নযোগ্য বিদ্যুৎ, যোগাযোগ ও সামাজিক অবকাঠামো উন্নয়নেও এই ঋণ দেওয়া হবে। তারা মনে করছে, এতে সরকারের চাপ কমবে এবং অর্থের প্রকৃত মূল্য নিশ্চিত করা সম্ভব হবে এবং এতে সরকারি-বেসরকারি অবকাঠামো উন্নয়ন প্রকল্প শক্তিশালী হবে।

বিআরটি প্রকল্প
গাজীপুর ও টঙ্গী এলাকায় আরও কার্যকর, টেকসই, পরিবেশবান্ধব, সাশ্রয়ী ও নিরাপদ পরিবহনব্যবস্থা নিশ্চিত করা এ প্রকল্পের উদ্দেশ্য। সেই সঙ্গে এই এলাকার মানুষের জীবনমান উন্নয়ন। গাজীপুর থেকে বিমানবন্দর পর্যন্ত ২০ দশমিক ৫০ কিলোমিটার দীর্ঘ বাস র‍্যাপিড সিস্টেম চালু করা হবে এ প্রকল্পের আওতায়। এ প্রকল্পের কাজ অনেক দিন ধরে চলছে। সম্প্রতি বিআরটি প্রকল্পের টঙ্গী থেকে হাউস বিল্ডিং পর্যন্ত ফ্লাইওভারের দুটি লেন যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। এ প্রকল্পের কাজে আরও গতি আনতে ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি।

উপকূলীয় শহরের সক্ষমতা বৃদ্ধি
স্থানীয় সরকারের অধীনে এলজিইডি বিভাগ এ প্রকল্প কার্যকর করবে। সরকারের এই বিভাগ যেন পরিবেশবান্ধব উপায়ে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলা করতে পারে, সে লক্ষ্যে তাদের প্রশিক্ষণ দেওয়া হবে। প্রাকৃতিক ও ঝুঁকিপূর্ণ উপকূলীয় শহরের জলবায়ু ও দুর্যোগ সহনশীলতা বৃদ্ধি এবং সেখানকার নারী ও দরিদ্রদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে এ প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

বলা হয়েছে, ছয়টি শহরে সমন্বিতভাবে এ প্রকল্প বাস্তবায়ন করা হবে। মূলত অরক্ষিত পরিবারগুলোকে সহায়তা দেওয়া, দরিদ্র নারীদের সহায়তা, জলবায়ু পরিবর্তনের ধাক্কা মোকাবিলা, জীবিকার স্থায়িত্ব বৃদ্ধি—প্রকল্পের মধ্য দিয়ে এসব লক্ষ্য বাস্তবায়ন করা হবে।