ফলের জুস আমদানিতে কেন ভ্যাট কমাব: অর্থ উপদেষ্টা

সালেহউদ্দিন আহমেদফাইল ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিছু পণ্যে যে বাড়তি মূল্য সংযোজন কর (ভ্যাট) আরোপ করা হয়েছে, তা পর্যালোচনা করা হচ্ছে। তাতে ওষুধ, পোশাকসহ নিত্যপণ্যের ওপর আরোপ করা বাড়তি ভ্যাট কমানো হতে পারে।

আজ বৃহস্পতিবার ঢাকায় সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ এ কথা বলেন।

‘দ্য গভর্নরস রিট্রিট অব দ্য ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি)’ শীর্ষক সভায় যোগ দিতে গত শনিবার সৌদি আরবে যান সালেহউদ্দিন আহমেদ। ফিরে এসে আজই প্রথম অফিস করেছেন তিনি।

অর্থ উপদেষ্টা বলেন, ‘ভ্যাটের মাধ্যমে দাম বাড়িয়েছি কয়েকটি জিনিসের। ফোন সেট, বিদেশি ফলের জুস কয়টা কেনে মানুষ? আমদানি করা ফলের জুসে কেন ভ্যাট কমাব?’

শুধু বাড়তি ভ্যাটের কারণেই জিনিসপত্রের দাম বাড়বে বলে মনে করেন না সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘আজ আমরা পর্যালোচনা করেছি ওষুধ, পোশাকসহ নিত্যপণ্য সাধারণ লোকজনের ওপর যেগুলো প্রভাব ফেলে, সেগুলো নিয়ে। পরে জানতে পারবেন। আর দামের প্রভাব কিছু কিছু জায়গায় হয়তো ভ্যাটের কারণে হয়েছে। সরবরাহব্যবস্থার কারণেও হয়েছে। কারসাজি তো আছেই।’

আইডিবির বৈঠকে কী হলো, জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন, ‘সংস্থাটি আমাদের বিরাট অঙ্কের অর্থ দেয়। বিশেষ করে গ্যাস ও জ্বালানি তেলে। এবার সারের জন্যও অর্থ দিতে অনুরোধ করা হয়েছে এবং তারা দিতে রাজি হয়েছে।’