টাকার অবমূল্যায়নে দেরি করা ঠিক নয়

সিপিডি আয়োজিত এ আলোচনায় বক্তারা নুরুল ইসলামের জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিপিডি আয়োজিত অধ্যাপক নুরুল ইসলাম স্মরণে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত অতিথিরা। গতকাল ধানমন্ডিতে সিপিডি কার্যালয়ে
সংগৃহীত

দেশ স্বাধীনের পর ১৯৭৩ সালে মূল্যস্ফীতি বেড়ে ৪০ শতাংশে পৌঁছায়। তখন টাকার অবমূল্যায়ন করতে হয়েছিল ৫৮ শতাংশ। বাংলাদেশের প্রথম পরিকল্পনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান ও খ্যাতনামা অর্থনীতিবিদ অধ্যাপক নুরুল ইসলামের মতে, টাকার অবমূল্যায়নে দেরি করা ঠিক নয়, তাতে সাধারণ মানুষের কষ্ট বেশি হয়।

এমন তথ্য উল্লেখ করে বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশেষ ফেলো মোস্তাফিজুর রহমান বলেছেন, ‘বর্তমানে দেশে উচ্চ মূল্যস্ফীতি চলছে। টাকার অবমূল্যায়ন করতে হয়েছে। আমরা সিপিডি থেকে পাঁচ-ছয় বছর ধরে বলে আসছিলাম, সমন্বয় না করলে অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে। হঠাৎ বড় ধরনের অবমূল্যায়ন করতে হলে মানুষের ওপর চাপ বাড়বে।’

সিপিডি আয়োজিত ‘অধ্যাপক নুরুল ইসলামের চিন্তাভাবনা ও বাংলাদেশের সমসাময়িক অর্থনীতি’ শীর্ষক আলোচনায় এসব কথা বলেন মোস্তাফিজুর রহমান। ঢাকার ধানমন্ডিতে সিপিডি কার্যালয়ে গতকাল সোমবার বিকেলে অনুষ্ঠিত এই আলোচনায় অর্থনীতিবিদ নুরুল ইসলামের সরাসরি ছাত্র, সহকর্মী, অর্থনীতিবিদেরা বক্তব্য দেন। অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য দেন সিপিডির চেয়ারম্যান রেহমান সোবহান, অধ্যাপক নুরুল ইসলামের মেয়ে রুমিন রহমান প্রমুখ। সিপিডির বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্যের সঞ্চালনায় এই আয়োজনে স্বাগত বক্তব্য দেন সংস্থাটির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন।

খ্যাতনামা অর্থনীতিবিদ অধ্যাপক নুরুল ইসলাম ৯৪ বছর বয়সে গত ৮ মে যুক্তরাষ্ট্রে মারা যান।

সিপিডির আলোচনায় বক্তারা বলেন, প্রয়াত অধ্যাপক নুরুল ইসলাম শুধু একজন অর্থনীতিবিদ নন, তিনি একজন চিন্তক, গবেষক ও সমাজবিজ্ঞানীও ছিলেন। অর্থনৈতিক ন্যায্যতা নিয়ে কাজ করেছেন। অর্থনীতির বিভিন্ন বিষয়ে তাঁর চিন্তাভাবনা ও নীতি এখনো প্রবলভাবে প্রাসঙ্গিক।

অধ্যাপক রেহমান সোবহান বলেন, ১৯৭৫ সালে অধ্যাপক নুরুল ইসলাম বাংলাদেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে স্থায়ী হন। দেশ ছাড়লেও বাংলাদেশ তাঁকে ছাড়েনি। তিনি সব সময়ই বাংলাদেশের কথা চিন্তা করতেন। চিঠিতে কিংবা টেলিফোনে প্রায় জানতে চাইতেন দেশে কী হচ্ছে।

প্রয়াত নুরুল ইসলামের সরাসরি ছাত্র সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম। তিনি বলেন, ‘নুরুল ইসলাম বৈদেশিক সাহায্যের পক্ষে ছিলেন। বৈদেশিক সাহায্যের কার্যকর ব্যবহার ভালো ফল বয়ে আনতে পারে। বর্তমানে আমাদের রপ্তানি ও প্রবাসী আয় বাড়লেও বৈদেশিক সহায়তার দরকার আছে। পাইপলাইনে বিপুল পরিমাণ বৈদেশিক সাহায্যও আছে। তবে প্রশাসনিক জটিলতায় সেগুলো ব্যবহার করা যাচ্ছে না। অথচ দুর্নীতি, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা গেলে এই বৈদেশিক সাহায্য পিছিয়ে পড়া অঞ্চল ও পিছিয়ে পড়া মানুষের কল্যাণে ব্যবহার করার সুযোগ আছে।’

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন বলেন, সত্তরের দশকে অর্থনীতিতে প্রচণ্ড হাহাকার। উচ্চ মূল্যস্ফীতি। এমন সময়ে দেশ স্বাধীন হলো। অধ্যাপক নুরুল ইসলাম জনকল্যাণের চিন্তা করেন বলেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁকে পরিকল্পনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেন। সেই নুরুল ইসলামের পরামর্শেই বঙ্গবন্ধু স্বল্পোন্নত দেশের (এলডিসি) ক্লাবে প্রবেশ করার সিদ্ধান্ত নেন। এতে করে আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্যে সুবিধা পাওয়ার সুযোগ তৈরি হয়।

মোহাম্মদ ফরাসউদ্দিন আরও বলেন, নুরুল ইসলাম জনকল্যাণমূলক চিন্তাভাবনা ও রাজনৈতিক দর্শন দিয়ে প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়ন করেন। অথচ দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনায় অতিরঞ্জিত বর্ণনা দেওয়া হয়। দুটি পঞ্চবার্ষিক পরিকল্পনা তুলনা করলেই পার্থক্য বোঝা যায়। আসলে নুরুল ইসলাম ছিলেন তুখোড় মেধাবী, দেশপ্রেমিক, নমস্য ব্যক্তি। দেওয়া–নেওয়ার কম্প্রোমাইজ করতে চাননি বলেই নুরুল ইসলাম দেশ ত্যাগ করেন বলে মন্তব্য করেন তিনি।

অর্থনীতিবিদ নুরুল ইসলামের মেয়ে রুমিন রহমান বলেন, ‘বাবার সঙ্গে প্রতিদিনই কথা হতো। অর্থনীতিবিদ হলেও ইতিহাস, সংস্কৃতি, আত্মজীবনীসহ দেশ-বিদেশের নানা বিষয়ে আগ্রহ ছিল তাঁর।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিআইডিএসের সাবেক মহাপরিচালক কাজী শাহাবুদ্দিন, সাবেক গবেষণা পরিচালক রুশিদান ইসলাম রহমান ও এম আসাদুজ্জামান, নুরুল ইসলামের বোনের স্বামী তৌফিক আলী প্রমুখ।