১০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল করার প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যপ্রযুক্তি খাতে নতুন উদ্যোক্তাদের উৎসাহিত করার লক্ষ্যে আগামী অর্থবছরে ১০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল করার প্রস্তাব দিয়েছেন অর্থ উপদেষ্টা। এ ছাড়া সারা দেশে ৪৯১টি উপজেলায় তরুণ-তরুণীদের প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যে ‘উপজেলা সেবা ও তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ কেন্দ্র’ নির্মাণ করা হচ্ছে।

আজ সোমবার ২০২৫-২৬ অর্থবছরে বাজেট বক্তৃতায় অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, সারা দেশে পাঁচ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে আইসিটিডি ডিজিটাল ল্যাব ও ৩০০টি শিক্ষাপ্রতিষ্ঠানে আইসিটিডি স্কুল অব ফিউচার স্থাপন করা হয়েছে।

এ সময় উপদেষ্টা আরও বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে গবেষণা ও উন্নয়নে অনুপ্রেরণা দিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গত অর্থবছরে ৪৯২টি প্রকল্পে প্রায় ১৬ কোটি ৬৬ লাখ টাকার বিশেষ গবেষণা অনুদান দেওয়া হয়েছে।

এ সময় বাজেট বক্তৃতায় অর্থ উপদেষ্টা বলেন, আগামী অর্থবছরে মৌলিক বিজ্ঞান গবেষণা ও ব্লু ইকোনমি বা নীল অর্থনীতির সম্ভাবনা কাজে লাগানোর লক্ষ্যে গবেষণা কার্যক্রম বাবদ ২০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।