দেশে জনশক্তির ব্যবসার সঙ্গে যুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠানকে নিবন্ধনের আওতায় আনতে আবারও তৎপরতা শুরু করেছে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (ডিআইএফই)। শ্রম মন্ত্রণালয়ের আওতাধীন এ সংস্থা বলছে, জনবল সরবরাহকারী যেসব প্রতিষ্ঠান নিবন্ধনের আওতায় আসবে না, তারা সরকারি কোনো সংস্থায় জনবল সরবরাহ করতে পারবে না। তবে কত দিনের মধ্যে এ নিবন্ধন করতে হবে, তার কোনো সময়সীমা বেঁধে দেয়নি ডিআইএফই।
জানা গেছে, নিয়ম থাকার পরও জনশক্তি সরবরাহের ব্যবসায় নিয়োজিত প্রতিষ্ঠানগুলো নিবন্ধনের আওতায় না আসায় নতুন করে আবারও উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ শ্রম আইন ও শ্রম বিধিমালা অনুসারে এসব প্রতিষ্ঠানের নিবন্ধন প্রক্রিয়া শুরু হয় ২০১৬ সাল থেকে।
ছয় মাসের মধ্যে এ–জাতীয় সব প্রতিষ্ঠানকে নিবন্ধন নেওয়ার নির্দেশ দেওয়া হলেও অনেক প্রতিষ্ঠান এখনো নিবন্ধন নেয়নি। নিবন্ধন ছাড়াই এসব প্রতিষ্ঠান সরকারি-বেসরকারি পর্যায়ে শ্রমিক বা জনবল সরবরাহের কাজ করে যাচ্ছে।
আউটসোর্সিংয়ের মাধ্যমে শ্রমিক নেওয়ার ক্ষেত্রে এ নিবন্ধন যথেষ্ট নয়। কারণ, অনেক প্রতিষ্ঠান নিবন্ধন নেয় না। যাঁরা নিবন্ধন নিয়েছেন, তাঁদের একটা বড় অংশ ঠিকভাবে জামানত দেন না। তাই শ্রমিক সরবরাহের ব্যবসার জন্য নতুন আইন ও পৃথক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ করা প্রয়োজন।জাফরুল হাসান, শ্রম আইন বিশেষজ্ঞ
ডিআইএফই সূত্রে জানা যায়, চুক্তিতে জনবল সরবরাহ করে, সারা দেশে এমন ঠিকাদারি প্রতিষ্ঠান রয়েছে আড়াই থেকে তিন হাজার। এর মধ্যে বড় ও মাঝারি আকারের প্রতিষ্ঠানের সংখ্যা ১ হাজার ২০০-এর মতো। বাকিগুলো ছোট ও মাঝারি পর্যায়ের প্রতিষ্ঠান। ২০১৬ সাল থেকে এখন পর্যন্ত ৯৬০টি প্রতিষ্ঠান ডিআইএফইর নিবন্ধন নিয়েছে। এর মধ্যে চলতি বছর নিবন্ধন নিয়েছে ২০৯টি প্রতিষ্ঠান। বাকি প্রতিষ্ঠানগুলোকে নিবন্ধনের আওতায় আনতে সম্প্রতি দেশের বিভিন্ন গণমাধ্যমে বিজ্ঞাপন প্রচার শুরু করেছে ডিআইএফই।
ডিআইএফইর অতিরিক্ত মহাপরিদর্শক মিনা মাসুদ উজ্জামান প্রথম আলোকে বলেন, নিবন্ধনের আওতায় আসলে শ্রমিক, জনবল নেওয়া প্রতিষ্ঠান ও ঠিকাদারি সংস্থাসহ সব পক্ষই লাভবান হবে। পাশাপাশি চুক্তিতে শ্রমিক নিয়োগ নিয়ে যেসব সমস্যা হয় তা–ও কমে আসবে।’
ডিআইএফইর একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা যায়, এ খাতে ভুঁইফোড় অনেক প্রতিষ্ঠানও গড়ে উঠেছে। তারা প্রায়ই জরুরি নিয়োগের কথা বলে শ্রমিকদের থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে পালিয়ে যায়। এ ধরনের ঘটনা বন্ধ করতে নিবন্ধনের নিয়ম চালু করেছে সরকার। নিবন্ধিত প্রতিষ্ঠানের নির্দিষ্ট ঠিকানা ও কর শনাক্তকরণ নম্বরসহ বিভিন্ন শনাক্তকারী তথ্য ডিআইএফইর কাছে থাকে। নিবন্ধিত এসব প্রতিষ্ঠানের শ্রমিকেরা শ্রম আইন অনুসারে বিবেচিত হন।
এ কারণে প্রতিষ্ঠানগুলো থেকে শ্রমিকদের সুরক্ষার জন্য নির্দিষ্ট পরিমাণ অর্থ জামানত হিসেবে নেওয়া হয়। পাশাপাশি কর্মীর জন্য সামাজিক নিরাপত্তা তহবিল নামে একটি বিশেষ তহবিল চালু করতে হয়। এসব কারণে নিবন্ধিত প্রতিষ্ঠানের জালিয়াতির সম্ভাবনা কমে যায়।
এদিকে নিবন্ধনের প্রক্রিয়াকে স্বাগত জানালেও জামানত নেওয়ার বিষয়ে নিয়ম শিথিল করার অনুরোধ জানিয়েছে জনবল সরবরাহকারী বেশ কয়েকটি প্রতিষ্ঠান। মুনশি এইচআর সলিউশনস লিমিটেড ডিআইএফই থেকে নিবন্ধনও নিয়েছে। প্রতিষ্ঠানটির সহকারী ব্যবস্থাপক মো. আল আমিন বলেন, এটা একটা ভালো উদ্যোগ।
এ নিবন্ধন প্রক্রিয়ার মাধ্যমে ভুঁইফোড় ঠিকাদারি সংস্থাগুলো সহজে চিহ্নিত হবে। ফলে শ্রমিকেরা বা জনবল নেওয়া প্রতিষ্ঠানগুলো প্রতারিত হবে না। কিন্তু নিবন্ধনের সময় যে পরিমাণে জামানত নেওয়া হয়, তা কিছুটা কমানো দরকার।
গণমাধ্যমে সম্প্রতি প্রকাশিত বিজ্ঞাপনে ডিআইএফই বলেছে, বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ৩ক(১) ধারা ও বাংলাদেশ শ্রম বিধিমালা ২০১৫ এর ৩৫৪ বিধি অনুসারে জনবল সরবরাহকারী ঠিকাদারি সংস্থার নিবন্ধন বাধ্যতামূলক। বিজ্ঞাপন প্রকাশের পাশাপাশি নিবন্ধনহীন প্রতিষ্ঠানের কাছ থেকে শ্রমিক না নিতে সরকারি সব দপ্তরকে অনুরোধ জানিয়েছে শ্রম মন্ত্রণালয়।
শ্রম আইন বিশেষজ্ঞ জাফরুল হাসান প্রথম আলোকে বলেন, আউটসোর্সিংয়ের মাধ্যমে শ্রমিক নেওয়ার ক্ষেত্রে এ নিবন্ধন যথেষ্ট নয়। কারণ, অনেক প্রতিষ্ঠান নিবন্ধন নেয় না। যাঁরা নিবন্ধন নিয়েছেন, তাঁদের একটা বড় অংশ ঠিকভাবে জামানত দেন না। তাই শ্রমিক সরবরাহের ব্যবসার জন্য নতুন আইন ও পৃথক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ করা প্রয়োজন।