সচিবালয়ে ২১ তলা ভবন নির্মাণ প্রকল্প পাস হয়নি

বাংলাদেশ সচিবালয়ফাইল ছবি: প্রথম আলো

সচিবালয়ে ২১ তলা ভবন নির্মাণের প্রকল্পটি আটকে গেল। আজ রোববার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটি ওঠানো হলেও তা পাস হয়নি। এর আগে ৬ এপ্রিল একনেক সভার প্রকল্প তালিকায় থাকলেও সময়ের অভাবে তা ওঠানো যায়নি। এর মানে, দ্বিতীয় দফায়ও প্রকল্পটি পাসে আগ্রহ দেখায়নি একনেক সভা।

বৈঠক সূত্রে জানা গেছে, নতুন ভবন হলে ট্রাফিক চাপ কেমন হবে, সেটা নিয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়কে (বুয়েট) দিয়ে গবেষণা করানোর কথা বলা হয় সভায়। এ ছাড়া ভবিষ্যতে সচিবালয় রাজধানীর আগারগাঁওয়ে যাওয়ার কথা আছে, সেটি নিয়েও আলোচনা হয়েছে। তাই প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়নি।

সচিবালয়ে ২১ তলা ভবন নির্মাণ প্রকল্পে খরচ প্রস্তাব করা হয়েছে ৬৪৯ কোটি টাকা। এই খরচ নিয়েও প্রশ্ন উঠেছে।

আজ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত হয়।

একনেক সভায় ওঠানো মোট ১৭টি প্রকল্পের মধ্যে ১২ হাজার ৬০৪ কোটি ৫৬ লাখ টাকার ১৩টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে দেশজ উৎস থেকে ৭ হাজার ২৪৮ কোটি ৭১ লাখ টাকা ও বিদেশি সহায়তা হিসেবে ৪ হাজার ৩৪০ কোটি ২৬ লাখ টাকা জোগান দেওয়া হবে। এ ছাড়া বাস্তবায়নকারী সংস্থার নিজস্ব অর্থায়ন ১৫ কোটি ৫৯ লাখ টাকা।

একনেক সভায় অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে আছে শহুরে জনগোষ্ঠীর জন্য সমন্বিত স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, কাস্টমস আধুনিকায়ন, প্রাণিসম্পদ খাতের রোগ নিয়ন্ত্রণ, চট্টগ্রাম ও ঢাকা সিটি করপোরেশনের অবকাঠামো উন্নয়ন, ময়মনসিংহ বিভাগে জলবায়ু সহনশীল সেতু নির্মাণ, বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক মহাসড়ক উন্নয়ন প্রকল্প। এ ছাড়া রেলপথের উন্নয়ন ও নতুন রেললাইন নির্মাণসংক্রান্ত প্রকল্পও অনুমোদন দেওয়া হয়েছে।

অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে চারটি নতুন প্রকল্প ও পাঁচটি সংশোধিত প্রকল্প। এ ছাড়া মেয়াদ বৃদ্ধি করা হয়েছে চারটি প্রকল্পের।