দেশে-বিদেশে যেখানে যাই কাস্টমস ও এনবিআর নিয়ে কথা শুনতে হয়: অর্থমন্ত্রী

বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে ‘বাংলাদেশ রিয়েল-টাইম ট্রেড অ্যারেঞ্জমেন্ট (বার্তা)’ প্ল্যাটফর্মের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমানছবি– প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘দেশে-বিদেশে যেখানে যাই সেখানেই আমদানি-রপ্তানি বাণিজ্যের সঙ্গে সম্পৃক্ত কাস্টমস ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) নিয়ে কথা শুনতে হয়’—এমন মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

আজ শনিবার মিরপুরে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে এ কথা বলেন অর্থমন্ত্রী। দেশের অভ্যন্তরীণ বাণিজ্যে স্থানীয় ঋণপত্রের (লোকাল এলসি) তথ্য আদান–প্রদান আরও দ্রুত, নিরাপদ ও সাশ্রয়ী করার প্ল্যাটফর্ম ‘বাংলাদেশ রিয়েল-টাইম ট্রেড অ্যারেঞ্জমেন্ট-বার্তা’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান।

অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, ‘আমি কাস্টমসকে...এনবিআর ইজ বিকামিং অ্যান ইস্যু। যেখানে যাচ্ছি এনবিআর সম্বন্ধে...এই জাপানে যাচ্ছি, কোরিয়ায় যাচ্ছি, এনবিআরের ব্যাপারটা তাঁরা বারবার সামনে নিয়ে আসছে।’

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ব্যবসায়ীদের উদ্দেশ করে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘সুতরাং এখানে আমি আপনাদের অনুরোধ করব, শুধু এনবিআর না, সবকিছুর বিষয়ে পারস্পরিক আলোচনা প্রক্রিয়া আমরা অব্যাহত রাখতে চাই। আমরা না রাখলেও আপনাদের পরামর্শ–প্রতিক্রিয়া চাই।’

অর্থমন্ত্রী বলেন, ‘আমি আগেও বলেছি, সাহস করে কিছু কথা বলতে হবে তো। সংস্কার নিয়ে সরকার যতই আগ্রাসী হোক, যতই সক্রিয় হোক না কেন, ব্যবসায়ীরা এগিয়ে না এলে কাজ হবে না। আপনারা এগিয়ে আসুন। আমরা এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত আছি। আমরা অজনপ্রিয় সিদ্ধান্ত নিয়েও যদি দেশের ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, মানুষ ভালো থাকে, সেটাকে রাজনৈতিক সরকারের কর্তব্য বলে আমি মনে করি।’

বিমা খাতের অবস্থা ব্যাংকের চেয়েও খারাপ

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘বিমা খাতে কাজ করতে গিয়ে দেখলাম, এর অবস্থা ব্যাংক খাতের চেয়েও খারাপ। ব্যাংক খাত যে অবস্থায় গিয়ে পৌঁছেছে, বিমা খাতও একই জায়গায় গেছে।’

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিমা কোম্পানিগুলো বিমা দাবি পরিশোধ করছে না। কিন্তু নিজেরা সম্পত্তি কিনছে, বিভিন্ন জায়গায় বিনিয়োগ করছে, ব্যক্তিগত বিনিয়োগ করছে। বিমার টাকারও অপব্যবহার করছে।

অর্থমন্ত্রী বলেন, ‘বিমা খাতে যখন হাত দিয়েছি, দেখলাম প্রভাবশালী লোকজন এখানে আসতে শুরু করেছে। আপনি যেখানে হাত দেবেন, সেখানেই সমস্যা।’

ব্যবসার খরচ কমানোর বিষয়ে অর্থমন্ত্রী বলেন, ‘প্রতিটি লেনদেন তাৎক্ষণিকভাবে হতে হবে। তথ্যব্যবস্থার মধ্যে আন্তসংযোগ থাকবে, নিবিড় তদারকি থাকবে, স্বচ্ছতা থাকবে। এতে সময় কমবে, ব্যবসার খরচও কমবে।’

পুঁজিবাজারে লেনদেনের স্বচ্ছতা নিশ্চিত করতেও একই ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, তালিকাভুক্ত কোম্পানি ও ব্রোকারেজ হাউসগুলোর তথ্যব্যবস্থার মধ্যে আন্তসংযোগ স্থাপন করা হবে। এতে নিয়ন্ত্রক সংস্থা পুরো লেনদেন প্রক্রিয়া পর্যবেক্ষণ করতে পারবে। এ ব্যবস্থা চালু হলে ব্রোকারদের কারসাজি, যোগসাজশ ও গোপন লেনদেনের সুযোগ বন্ধ হবে। চট্টগ্রাম বন্দরেও একই ধরনের ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।