সিপিডির নতুন নির্বাহী পরিচালক নাজনীন আহমেদ, সম্মাননীয় ফেলো ফাহমিদা খাতুন

ফাহমিদা খাতুন ও নাজনীন আহমেদ

বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নতুন নির্বাহী পরিচালক হলেন অর্থনীতিবিদ নাজনীন আহমেদ। তিনি আগামী ১ সেপ্টেম্বর থেকে সিপিডির নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। তাঁর বাংলাদেশ ও আন্তর্জাতিক পর্যায়ে অর্থনৈতিক গবেষণা, নীতি বিশ্লেষণ ও উন্নয়ন কার্যক্রমে প্রায় তিন দশকের অভিজ্ঞতা রয়েছে।

আজ সন্ধ্যায় পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলেছে সিপিডি। এদিকে সিপিডির বর্তমান নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন সংস্থার সম্মাননীয় ফেলো হয়েছেন।

ফাহমিদা খাতুন আগামী ১ সেপ্টেম্বর থেকে সংস্থাটির সম্মাননীয় ফেলো হিসেবে দায়িত্ব নেবেন। সিপিডির ৬৮তম সভায় এই সিদ্ধান্ত হয়। ফাহমিদা খাতুন প্রায় সাড়ে ৯ বছর সিপিডির নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করেন। সিপিডিতে যোগ দেওয়ার আগে তিনি বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানে (বিআইডিএস) কাজ করেছেন। এ ছাড়া তিনি ইউএনডিপি ও ইউএসআইডিতে কাজ করেন।

সিপিডির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সিপিডির নির্বাহী পরিচালক হিসেবে যোগ দেওয়ার আগে নাজনীন আহমেদ জাতিসংঘ উন্নয়ন কর্মসূচিতে (ইউএনডিপি) কাজ করেছেন। ইউএনডিপি বাংলাদেশের কান্ট্রি ইকোনমিস্ট হিসেবে দুই বছর এবং এরপর নিউইয়র্কে ইউএনডিপিতে পলিসি অ্যাডভাইজার হিসেবে তিন বছর দায়িত্ব পালন করেন। এর আগে নাজনীন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানে (বিআইডিএস) ২৫ বছর কাজ করেছেন।

নাজনীন আহমেদ নেদারল্যান্ডসের ওয়াগেনিনজেন বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি এবং যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব সাসেক্স থেকে উন্নয়ন অর্থনীতিতে মাস্টার্স করেছেন। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনে তিনি বিশ্বব্যাংক, ডিএফআইডি, ইউএনসিটিএডি, আইএলও, আইএফসি, ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে কাজ করেছেন।