ছুটির দিনে ক্রয় কমিটির বৈঠক, এক কার্গো এলএনজি কেনা হচ্ছে ২১ দশমিক ৫৫ ডলার দরে
আরামকো ট্রেডিং সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেডের কাছ থেকে সরাসরি ক্রয়পদ্ধতিতে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনা হচ্ছে। ছুটির দিনে আজ শুক্রবার সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ বিষয়ে একটি প্রস্তাব অনুমোদিত হয়েছে। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে জুম প্ল্যাটফর্মে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে অর্থ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এতে বলা হয়, সরকার থেকে সরকার (জিটুজি) ভিত্তিতে এই এলএনজি কেনা হবে। প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম ধরা হয়েছে ২১ দশমিক ৫৫ মার্কিন ডলার। আরামকো ট্রেডিং সিঙ্গাপুর ১১ থেকে ১২ আগস্টের মধ্যে এই এলএনজি সরবরাহ করবে।
এক কার্গো সমান ৩৩ লাখ ৬০ হাজার মিলিয়ন মেট্রিক ব্রিটিশ থার্মাল ইউনিট (এমএমবিটিইউ) এলএনজি। সেই হিসাবে এক কার্গো এলএনজির দাম দাঁড়ায় প্রায় ৭ কোটি ২৪ লাখ ৮ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় দাম পড়বে ৯০০ কোটি টাকার কাছাকাছি।
আজ শুক্রবার অনুষ্ঠিত ক্রয় কমিটির বৈঠকে জিটুজি ভিত্তিতে যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি প্রতিষ্ঠান গানভর ইউএসএ এলএলসি থেকেও এলএনজি কেনার একটি প্রস্তাব ছিল। জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ বৈঠক থেকে এ প্রস্তাব প্রত্যাহার করে নেওয়ায় কোনো সিদ্ধান্ত হয়নি।
গানভর ইউএসএ এলএলসি থেকে সরকার ১৩ বছর ধরে এলএনজি আমদানি করবে—এমন এক প্রস্তাবে গত ২৮ জুলাই নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। জিটুজি ভিত্তিতে ১৩ বছরে গানভর থেকে মোট ৭৮ কার্গো এলএনজি আমদানি করবে সরকার। প্রতিবছর এ প্রতিষ্ঠান থেকে আমদানি করা হবে ৬ কার্গো এলএনজি।
এদিকে গতকাল বৃহস্পতিবার অর্থমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে মোট ৮ কার্গো এলএনজি কেনার চারটি আলাদা প্রস্তাব নীতিগত অনুমোদন পেয়েছে। এগুলোর মধ্যে রয়েছে যুক্তরাজ্যভিত্তিক ব্ল্যাককিউব ইন্টারন্যাশনাল থেকে ২ কার্গো, অস্ট্রেলিয়ার গ্লোবাল ফুয়েল সাপ্লাইজ পিটিই থেকে ২ কার্গো, মালয়েশিয়ার প্লেনটিটিউড এনার্জি এসডিএন বিএইচডি থেকে ২ কার্গো এবং ওমানভিত্তিক ম্যাক্সওয়েল ইন্টারন্যাশনাল এসপিসি থেকে ২ কার্গো এলএনজি। সরাসরি ক্রয়পদ্ধতিতে এগুলো কেনা হবে।