ভুয়া ঋণ ধরতে আসছে ক্রেডিট স্কোরিং সিস্টেম
ব্যাংক খাতে ভুয়া ও বেনামি ঋণ বহুল আলোচিত বিষয়। অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতায়ও বিষয়টি বাদ পড়েনি। এসব ধরতে ক্রেডিট স্কোরিং সিস্টেম চালুর ঘোষণা দিয়েছেন তিনি। পাশাপাশি নতুন অর্থবছরেই ডিজিটাল ব্যাংক স্থাপনের ঘোষণা দেন অর্থমন্ত্রী।
আগামী ২০২৩-২৪ অর্থবছরে বাজেটে এই প্রস্তাব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আজ জাতীয় সংসদে আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন তিনি।
বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, আর্থিক অন্তর্ভুক্তি প্রক্রিয়া দ্রুততর এবং এর পরিধি ব্যাপকতর করার কৌশল নির্ধারণের উদ্দেশ্যে বাংলাদেশ ব্যাংকের একটি কমিটি কাজ করছে। এই কমিটি ডিজিটাল ব্যাংক স্থাপনের রূপরেখা প্রণয়নের কাজ সম্পন্ন করেছে। তাঁর আশা, আগামী ২০২৩-২৪ অর্থবছরেই ডিজিটাল ব্যাংক স্থাপন করা যাবে। একই সঙ্গে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও মেশিন লার্নিং প্রযুক্তি প্রয়োগ করে ক্রেডিট স্কোরিং সিস্টেম চালু করার জন্য কাজ করে যাচ্ছি। ডিজিটাল ব্যাংক ও ক্রেডিট স্কোরিং চালু হলে খুব সহজে ভুয়া ও বেনামি ঋণগ্রহীতাদের শনাক্ত করা সম্ভব হবে এবং প্রকৃত ঋণগ্রহীতাদের ঋণ গ্রহণ প্রক্রিয়া অনেক সহজ হয়ে আসবে।’
সম্প্রতি ব্যাংক খাতে বেনামি ঋণ নিয়ে বেশ আলোচনা হচ্ছে। ফলে শরিয়াহভিত্তিক কয়েকটি ব্যাংক তারল্যসংকটেও ভুগছে। এ জন্য কেন্দ্রীয় ব্যাংক বিশেষ ব্যবস্থায় তহবিল জোগান দিয়ে যাচ্ছে।