এডিপি
৫১ প্রকল্পে সাত মাসে খরচ মাত্র ২৮০ কোটি টাকা
জুলাই থেকে জানুয়ারি—এই সাত মাসে মোট বরাদ্দের ১০ শতাংশ অর্থও খরচ করতে পারেনি ছয়টি মন্ত্রণালয় ও বিভাগ।
চলতি ২০২২–২৩ অর্থবছরের আট মাস পেরোতে চলল। কিন্তু সরকারের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে তেমন গতি নেই। জুলাই থেকে জানুয়ারি—প্রথম সাত মাসে বরাদ্দের মাত্র ১০ শতাংশ অর্থও খরচ করতে পারেনি ছয়টি মন্ত্রণালয় ও বিভাগ। মন্ত্রণালয়গুলোর মধ্যে রয়েছে ভূমি, পররাষ্ট্র, জনপ্রশাসন ও প্রতিরক্ষা। বিভাগগুলো হচ্ছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। এর মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের সাতটি প্রকল্পের অনুকূলে গত সাত মাসে কোনো টাকাই খরচ করতে পারেনি।
পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) হালনাগাদ প্রতিবেদনে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের এমন দৈন্যদশা উঠে এসেছে। ওই ছয় মন্ত্রণালয় ও বিভাগের অধীনে কয়টি প্রকল্প, বরাদ্দ কত, খরচ হলো কত, তা এবার দেখা যাক।
৫৬টি মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে সবচেয়ে পিছিয়ে থাকা এসব মন্ত্রণালয় ও বিভাগের হাতে মোট ৫১টি প্রকল্প আছে। প্রকল্পগুলোর জন্য এডিপিতে ৩ হাজার ৮০১ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। কিন্তু অর্থবছরের প্রথম সাত মাসে ওই সব প্রকল্পে মাত্র ২৮০ কোটি টাকা খরচ হয়েছে। কোনো মন্ত্রণালয়ই বরাদ্দের ১০ শতাংশ অর্থও খরচ করতে পারেনি।
কিছু উদাহরণ দেওয়া যেতে পারে। এবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাত প্রকল্পে বরাদ্দ ছিল ১০১ কোটি টাকা। কিন্তু গত জুলাই-জানুয়ারি সময়ে তারা এক টাকাও খরচ করতে পারেনি। অভ্যন্তরীণ সম্পদ বিভাগের চার প্রকল্পে ৩৬৩ কোটি টাকা বরাদ্দ থাকলেও খরচ হয়েছে মাত্র সাড়ে তিন কোটি টাকা। এদিকে সরকারি কর্ম কমিশনের একটি প্রকল্পে ৩৬ কোটি টাকা বরাদ্দ দেওয়া হলেও তারা খরচ করেছে মাত্র ১ কোটি ১৩ লাখ টাকা।
চলতি অর্থবছরের এডিপির আকার ২ লাখ ৫৬ হাজার কোটি টাকা। আইএমইডি সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরের প্রথম সাত মাসে সব মিলিয়ে এডিপির ২৮ শতাংশ বা ৭২ হাজার ৯০ কোটি টাকা খরচ হয়েছে, যা গত ছয় বছরের মধ্যে সর্বনিম্ন। গত অর্থবছরের একই সময়ে ৩০ শতাংশ এডিপি বাস্তবায়িত হয়েছিল।
এমন অবস্থায় এ বছরও এডিপি কাটছাঁট করা হচ্ছে। আগামীকাল বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় সংশোধিত এডিপি অনুমোদন হতে পারে। সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকার কমছে সাড়ে ১৮ হাজার কোটি টাকা।
এনইসি সভায় সব মিলিয়ে সংশোধিত এডিপির আকার ২ লাখ ২৭ হাজার ৫৬৬ কোটি প্রস্তাব করা হচ্ছে। পরিকল্পনা মন্ত্রণালয়ের আওতাধীন এডিপির আকার ২ লাখ ৪৬ হাজার ৬৬ কোটি টাকা। এখান থেকে সংশোধিত এডিপি চূড়ান্ত করা হবে।
জানতে চাইলে বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন, প্রকল্পের ব্যয় সাশ্রয়ে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু এ পর্যন্ত কত টাকা সাশ্রয় হয়েছে তা জানি না।
অর্থনীতিতে এর প্রভাব দেখছি না। সংশোধিত এডিপিতে উল্টো কাণ্ড হচ্ছে। শুধু বিদেশি সহায়তা কমানো হচ্ছে। অর্থনীতির এই সময়ে বিদেশি সহায়তা পুরোটা ব্যবহার করা উচিত ছিল। দেশজ উৎসের অর্থ কাটছাঁট করলে ভালো হতো।