খাদ্যপণ্যের প্রদর্শনী শুরু বৃহস্পতিবার, থাকছে ২৭ দেশের ২০০ ব্র্যান্ড
ঢাকায় আবার শুরু হচ্ছে খাদ্যপণ্য, খাদ্য প্রক্রিয়াজাতের যন্ত্রপাতি ও প্রযুক্তির প্রদর্শনী বাপা ফুডপ্রো ইন্টারন্যাশনাল এক্সপো। এবার প্রদর্শনীর ১১তম আসর হতে যাচ্ছে। আগামী বৃহস্পতিবার শুরু হওয়া তিন দিনের এই প্রদর্শনীতে বাংলাদেশসহ ২৭টি দেশের ২০০ ব্র্যান্ড তাদের পণ্য প্রদর্শন করবে।
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এই প্রদর্শনী যৌথভাবে আয়োজন করছে বাংলাদেশ অ্যাগ্রো–প্রসেসরস অ্যাসোসিয়েশন (বাপা) ও রেইনবো এক্সিবিশন অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট সার্ভিসেস লিমিটেড (রিমস)। আগামী বৃহস্পতিবার থেকে শনিবার সকাল ১০টায় শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত প্রদর্শনী চলবে। প্রদর্শনীর পাশাপাশি কারিগরি অধিবেশন, সেমিনার ও ব্যবহারিক কার্যক্রমে অংশ নেবেন শিল্পোদ্যোক্তা, বিশেষজ্ঞ ও প্রযুক্তিপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
আজ মঙ্গলবার রাজধানীর সোবহানবাগে অবস্থিত বাপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আয়োজকেরা। এ সময় উপস্থিত ছিলেন বাপার সভাপতি মাহবুব আনাম, সাধারণ সম্পাদক ছৈয়দ মুহাম্মদ শোয়াইব হাছান, প্রদর্শনীর আয়োজক কমিটির চেয়ারম্যান ও প্রাণ–আরএফএল গ্রুপের প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী, বাপার কোষাধ্যক্ষ মিনহাজ আহমেদ প্রমুখ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রদর্শনীতে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো প্রক্রিয়াজাতকরণ, ফিলিং, প্যাকেজিং, কোডিং ও মার্কিং, লেবেলিং, মান পরিদর্শন, গুদামজাতকরণ, কোল্ড চেইন ও লজিস্টিকসের আধুনিক প্রযুক্তি প্রদর্শন করবে। কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর অটোমেশন, মেশিন ভিশন, রোবোটিকস, স্মার্ট ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রিয়াল আইওটি, আধুনিক প্রক্রিয়াজাতকরণ যন্ত্রপাতি এবং টেকসই প্যাকেজিং উপকরণ ও নকশা এবারের প্রদর্শনীতে বিশেষ গুরুত্ব পাবে। পাশাপাশি চার হাজারের বেশি প্রযুক্তি ও যন্ত্রপাতিভিত্তিক সমাধান উপস্থাপন করা হবে।
অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে থাকছে আলজেরিয়া, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, চীন, ফ্রান্স, জার্মানি, হংকং, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, ইতালি, জাপান, মালয়েশিয়া, নেদারল্যান্ডস, পাকিস্তান, পোল্যান্ড, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা, সুইজারল্যান্ড, তাইওয়ান, থাইল্যান্ড, তুরস্ক, স্পেন, সুইডেন, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র।
আয়োজকেরা জানান, একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে ‘ফুড ইনগ্রেডিয়েন্টস বাংলাদেশ এক্সপো ২০২৬’। এতে ফাংশনাল ফুড ও বেভারেজ, নিউট্রাসিউটিক্যালস, বিকল্প প্রোটিন, উদ্ভিদভিত্তিক ফর্মুলেশন ও টেকসই খাদ্য উপকরণ প্রদর্শন করা হবে।
বাপার সভাপতি মাহবুব আনাম বলেন, ‘দেশের কৃষিপণ্য ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতের উন্নয়নে আধুনিক প্রযুক্তির ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। এই প্রদর্শনী উদ্যোক্তাদের নতুন প্রযুক্তির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি বিনিয়োগ, উৎপাদন ও রপ্তানি সম্প্রসারণে ভূমিকা রাখবে।
প্রদর্শনীর আয়োজক কমিটির চেয়ারম্যান ও প্রাণ–আরএফএল গ্রুপের প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী বলেন, ‘বর্তমান ব্যবসায়িক অনিশ্চয়তা শিল্পপ্রতিষ্ঠানগুলোকে দ্রুত প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে উৎসাহিত করছে। বাপা ফুডপ্রো ইন্টারন্যাশনাল এক্সপো ২০২৬–এর মাধ্যমে প্রতিষ্ঠানগুলো প্রয়োজনীয় প্রযুক্তি, অংশীদার ও শিল্পবিষয়ক ধারণার সঙ্গে পরিচিত হতে পারবে।’