শার্ট, জিনস, জ্যাকেট বানাতে উত্তরা ইপিজেডে কারখানা করবে হংকংয়ের তিয়ানফোর্ড
দেশে তৈরি পোশাক কারখানা স্থাপন করবে হংকংভিত্তিক প্রতিষ্ঠান তিয়ানফোর্ড বাংলাদেশ টেক্সটাইল কোম্পানি লিমিটেড। নীলফামারীতে অবস্থিত উত্তরা ইপিজেডে এ কারখানা স্থাপন করা হবে।
কারখানাটি স্থাপনে তিয়ানফোর্ড বাংলাদেশ প্রায় ২ কোটি মার্কিন ডলার বা প্রায় ২৪০ কোটি টাকা (প্রতি ডলার ১২০ টাকা ধরে) বিনিয়োগ করবে। আর এখানে কর্মসংস্থান হবে ৩ হাজার ২৫৪ বাংলাদেশি নাগরিকের।
এ লক্ষ্যে আজ রোববার বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) সঙ্গে কোম্পানিটি চুক্তি করেছে কোম্পানিটি। রাজধানীর গ্রিন রোডে অবস্থিত বেপজা কার্যালয়ে বেপজার নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন ও তিয়ানফোর্ড বাংলাদেশ টেক্সটাইলের মনোনীত পরিচালক জি ঝেনিউ চুক্তিতে সই করেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বেপজা।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, সদস্য (প্রকৌশল) আবদুল্লাহ আল মামুন, সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (প্রশাসন) সমীর বিশ্বাস, নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ এস এম আনোয়ার পারভেজ উপস্থিত ছিলেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উত্তরা ইপিজেডে ২৪ হাজার বর্গমিটার জায়গার ওপর কারখানাটি নির্মিত হবে। এ কারখানায় হংকংয়ের প্রতিষ্ঠানটি বছরে ৭০ লাখ পিস বিভিন্ন ধরনের ওভেন ও নিট গার্মেন্টস পণ্য বানাবে। এর মধ্যে রয়েছে বটম, টপ, শার্ট, জিনস, জ্যাকেট, টি-শার্ট, পোলো শার্ট, স্পোর্টসওয়্যার, সোয়েটার, হুডিসহ সব ধরনের জার্সি। উৎপাদিত এসব পণ্য যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান, চীন, অস্ট্রেলিয়া, ব্রাজিল, যুক্তরাজ্য ও ইউরোপের বাজারে রপ্তানি করা হবে।
স্থানীয় শিল্পকে শক্তিশালী করতে প্রতিষ্ঠানটিকে সম্ভাব্য ক্ষেত্রে মানসম্মত কাঁচামাল দেশীয় উৎস থেকে সংগ্রহের আহ্বান জানান বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন। তিনি বলেন, আগের তুলনায় আরও দক্ষ, আধুনিক ও বিনিয়োগকারী সহায়ক সেবা প্রদানে বেপজা কাজ করবে।
তিয়ানফোর্ড বাংলাদেশ টেক্সটাইলের মনোনীত পরিচালক জি ঝেনিউ বাংলাদেশকে বিনিয়োগকারীদের জন্য একটি আকর্ষণীয় গন্তব্য হিসেবে উল্লেখ করেন। তিনি জানান, চলতি বছরের এপ্রিল থেকে কারখানার নির্মাণকাজ শুরু হবে। আর আগামী বছর থেকে পণ্য রপ্তানির কার্যক্রম শুরু হতে পারে।