বিদেশে থাকলে রিটার্ন দেবেন কীভাবে, বাজেটে নতুন সুযোগ
এখন থেকে সারা বছর আয়কর রিটার্ন দেওযা যাবে। নতুন প্রস্তাবিত বাজেটে এই সুযোগ দেওয়া হয়েছে। আগে রিটার্ন দিলে বেশি করছাড় পাবেন করদাতারা।
যাঁরা বিদেশে থাকার কারণে নির্ধারিত সময়ে আয়কর রিটার্ন দিতে পারেন না, প্রস্তাবিত বাজেটে তাঁদের রিটার্ন দেওয়ার সুযোগ রাখা হয়েছে। এ জন্য তিন ধরনের করদাতারা এ সুযোগ নিতে পারবেন।
কীভাবে রিটার্ন দেবেন
বিদেশে অবস্থানরত কোনো সাধারণ ব্যক্তি করদাতা বাংলাদেশে আসার দিন থেকে ৯০ দিনের মধ্যে আয়কর রিটার্ন দিতে পারবেন। অর্থ বিল ২০২৬–এ এই সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে।
কারা এই সুবিধা পাবেন
এবারের অর্থ বিল অনুসারে, তিন ধরনের প্রবাসীরা এই সুবিধা পাবেন। এক, উচ্চশিক্ষার জন্য ছুটিতে আছেন, এমন করদাতা। দুই, চাকরির জন্য প্রেষণে বা লিয়েনে নিযুক্ত হয়ে বাংলাদেশের বাইরে অবস্থান করছেন, এমন করদাতা। তিন, অর্থ উপার্জনের উদ্দেশ্যে বৈধ ভিসা ও পারমিটধারী হয়ে বাংলাদেশের বাইরে অবস্থানকারী করদাতা।
প্রথমবার রিটার্ন জমাকারীর কী সুবিধা
আগে কখনো রিটার্ন দেননি, এমন করদাতারা সংশ্লিষ্ট করবর্ষের জন্য প্রযোজ্য হারে আয়কর জমা করতে পারবেন। এ জন্য ওই করদাতার জন্য সময়সীমা হলো, আয়বর্ষ শেষ হওয়ার পরবর্তী ৩০ জুনের মধ্যে রিটার্ন জমা দিতে পারবেন।
সারা বছর আয়কর রিটার্ন দেওয়া যাবে
আগামী অর্থবছর থেকে সারা বছর রিটার্ন দেওয়া যাবে। আগে দিলে বেশি করছাড় পাবেন করদাতারা। বাজেট প্রস্তাব অনুসারে, অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই–সেপ্টেম্বর) রিটার্ন দিলে পরিশোধযোগ্য করের ৫ শতাংশ বা ২৫ হাজার টাকা, যা কম, তা–ই ছাড় পাবেন। দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর–ডিসেম্বর) রিটার্ন যা, তা–ই দিলেই হবে। কোনো প্রণোদনা পাওয়া যাবে না।
আর জানুয়ারি–মার্চ প্রান্তিকে রিটার্ন দিলে পরিশোধযোগ্য করের ২ শতাংশ বা তিন হাজার টাকা, যেটি বেশি, সেই পরিমাণ টাকা দিতে হবে। এপ্রিল–জুনে রিটার্ন দিলে পরিশোধযোগ্য করের ৫ শতাংশ বা পাঁচ হাজার টাকা, যেটি বেশি, সেই পরিমাণ টাকা দিতে হবে।