যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি অসম ও অনৈতিক: মোহাম্মদ হাতেম
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যচুক্তিকে অসম ও অনৈতিক বলে মন্তব্য করেছেন নিট পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম। তিনি এই চুক্তি পর্যালোচনা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
আজ রোববার গবেষণাপ্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই) আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ হাতেম এ কথা বলেন। পিআরআইয়ের কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক সামষ্টিক অর্থনৈতিক পর্যালোচনা শীর্ষক সেমিনারে সংস্থাটির চেয়ারম্যান জাইদি সাত্তার সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে দেশের অর্থনৈতিক পরিস্থিতি ও বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে অর্থনীতিবিদেরা বক্তব্য দেন।
যুক্তরাষ্ট্র–বাংলাদেশের চুক্তিকে অনৈতিক আখ্যা দিয়ে মোহাম্মদ হাতেম বলেন, ‘চুক্তিতে বলা আছে, যুক্তরাষ্ট্র কোথাও নিষেধাজ্ঞা দিলে, তা আমাদের মানতে হবে। এখন তারা আর ইসরায়েল মিলে মধ্যপ্রাচ্যে অত্যাচার চালাচ্ছে। আবার তারা যে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে উঠিয়ে নিয়ে এসেছে, সেটাও কি আমাদের মানতে হবে।’ তাঁর মন্তব্য, এটা অনৈতিক।
মোহাম্মদ হাতেম বলেন, ‘যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক বাতিল হওয়ায় এখন সবার ওপর সমান ১৫ শতাংশ শুল্ক। তাঁর প্রশ্ন, তাহলে এখানে আমাদের বাড়তি সুবিধা কোথায়। কেবল দেশটি থেকে সুতা আমদানি করলে সুবিধা আছে; কিন্তু এই সুবিধার জন্য আমরা যুক্তরাষ্ট্রের অন্যান্য বড় শর্ত মানব কেন। তাই নতুন সরকারের চুক্তি পর্যালোচনা করা উচিত।’
জাইদি সাত্তার বলেন, যুক্তরাষ্ট্রের সুতা আমদানি করে পোশাক উৎপাদন করে সে দেশে রপ্তানি করলে যে শুল্ক–সুবিধা পাওয়া যাবে, তা ইতিবাচক।
এদিকে রপ্তানি খাতের নাজুক পরিস্থিতি তুলে ধরে মোহাম্মদ হাতেম বলেন, বাংলাদেশের ইতিহাসে কখনো টানা সাত মাস রপ্তানি নেতিবাচক ছিল না। হয়তো দুই–তিন মাস এমনটা হয়েছে। আর আগামী জুন পর্যন্ত রপ্তানি প্রবৃদ্ধির এই নেতিবাচক ধারা অব্যাহত থাকবে বলে ব্যবসায়ী মহলের ধারণা। কিন্তু এরপর যে রপ্তানি ইতিবাচক হবে, তেমন কোনো পূর্বাভাস নেই।