পাঁচ বছরে এনজিওতে বিদেশি অনুদান কমেছে ৩১%

বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) সেমিনারে প্রধান অতিথি ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আবদুর রহিম সাকি। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিআইডিএসের মহাপরিচালক এ কে এনামুল হক।ছবি: প্রথম আলো।

পাঁচ বছরের ব্যবধানে দেশের এনজিওগুলোয় বিদেশি অনুদান কমেছে প্রায় ৩১ শতাংশ। একইভাবে তিন বছরের ব্যবধানে ব্যাংকগুলোর সিএসআর অর্থায়ন কমেছে প্রায় ৬৯ শতাংশ। এতে বিপাকে পড়েছে দেশের এনজিওগুলো। ফলে নতুন নীতিমালায় এনজিওগুলোকে সরকারি প্রকল্পে যুক্ত করার চিন্তা করছে সরকার।

আজ মঙ্গলবার বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) আয়োজিত ‘বিদেশ-নির্ভরতা পেরিয়ে: বাংলাদেশে এনজিও অর্থায়নের ভবিষ্যৎ’ শীর্ষক অনুষ্ঠানে এসব বিষয় উঠে আসে। রাজধানীর আগারগাঁওয়ে বিআইডিএস সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আবদুর রহিম সাকি।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বিআইডিএসের মহাপরিচালক এ কে এনামুল হক। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিআইডিএসের গবেষণা পরিচালক কাজী ইকবাল।

মূল প্রবন্ধে কাজী ইকবাল বলেন, ২০১৮-১৯ অর্থবছরে দেশের এনজিওগুলোয় বিদেশি অনুদানের পরিমাণ ছিল ৯৫৫ মিলিয়ন বা ৯৫ কোটি ৫০ লাখ ডলার। কিন্তু ২০২৩-২৪ অর্থবছরে তা কমে দাঁড়ায় ৬৫ কোটি ৫০ লাখ ডলার।

এনজিওগুলো অনেক সময় ব্যাংকের সিএসআর অর্থায়নের ওপর নির্ভর করে। কিন্তু সেটিও কমছে। মূল প্রবন্ধে বলা হয়, ২০২২ সালে ব্যাংকগুলোর সিএসআর তহবিল থেকে ব্যয় হয়েছিল ১ হাজার ১২৯ কোটি টাকা। ২০২৫ সালে তা নেমে আসে মাত্র ৩৪৫ কোটি টাকায়।

প্রধান অতিথির বক্তব্যে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘সরকার ও এনজিওর মধ্যে অর্থায়ন মডেল কী হবে, সেটা নিয়ে ভাবতে হবে। এনজিওগুলো সব জায়গায় সেবা পৌঁছে দিতে পারে, যেখানে অনেক সময় সরকার যেতে পারে না। তাই আমরা এনজিওর সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে কাজ করতে চাই।’

সভায় পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আবদুর রহিম সাকি বলেন, এলডিসি উত্তরণ সামনে রেখে এনজিওগুলোয় বিদেশি অর্থায়ন প্রায় শেষ হয়ে আসছে। এখন সবুজ অর্থায়ন, কার্বন অর্থায়নের মতো নতুন অনেক পদ্ধতি নিয়ে আলোচনা হচ্ছে। বিদেশ–নির্ভরতা থেকে বের করে এনজিওগুলোকে এখন সরকারের সহায়ক শক্তি হিসেবে পরিণত করার চেষ্টা করছে সরকার। সরকারের উন্নয়নপ্রক্রিয়ায় তাদের যুক্ত করার চিন্তাভাবনা চলছে।

সেমিনারের বিভিন্ন এনজিওর প্রতিনিধি ও সরকারি–বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।